জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বিয়ে হয় গত বছরের ৪ জানুয়ারি। দেখতে দেখতে কেটে গেছে তাদের দাম্পত্য জীবনের এক বছর। প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এই তারকা দম্পতি।
রোজা আহমেদ বরাবরই নানা স্টাইল ও লুকে ভক্তদের নজর কাড়েন। তবে এবার যেন তিনি সবাইকে চমকে দিলেন আরও বেশি। বিশেষ এই দিনে তিনি ঝিলিমিলি সিকুইন দেওয়া একটি বডিকন গাউনে ধরা দেন, যেখানে তাকে দেখা যায়, অত্যন্ত গ্ল্যামারাস ও লাস্যময়ী লুকে। তার এই সাজ ও উপস্থিতি নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে ব্যাপকভাবে।
বিবাহবার্ষিকী উপলক্ষে রোজা আহমেদ নিজের সোশ্যাল মিডিয়ায় নজরকাড়া লুকের একগুচ্ছ ছবি প্রকাশ করেন। ছবিগুলো প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসতে থাকেন তাহসান-রোজা। মন্তব্যের ঘরে জমে ওঠে অভিনন্দন আর ভালোবাসার বার্তা।
বিবাহবার্ষিকীর আয়োজনেও ছিল বিশেষত্ব। মিষ্টি এই আয়োজনে বিশাল লিলি ফুল ও মোমবাতিতে সেজেছিল রোজা-তাহসানের অ্যানিভার্সারি কেক। সাদা ক্রিমে মোড়া কেকটির পাশে রাখা ছিল একটি সুন্দর গোলাপের তোড়া, যা পুরো পরিবেশকে আরও রোমান্টিক করে তোলে। নেটিজেনদের অনেকেরই ধারণা, প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে এমন সুন্দর সারপ্রাইজ দিয়েছেন তাহসান নিজেই।
উল্লেখ্য, গত বছরের ৪ জানুয়ারি হঠাৎ করেই বিয়ের ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দেন তাহসান ও রোজা। সেই সময় তাদের বিয়ের ছবি মুহূর্তেই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে এবং রাতারাতি তারা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন।
রোজা আহমেদ নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি নিউইয়র্কের কুইন্সে নিজের প্রতিষ্ঠান ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ সফলভাবে পরিচালনা করছেন। ব্যক্তিগত ও পেশাগত—দুই জীবনেই এই দম্পতি যে সুখী, তা তাদের বিবাহবার্ষিকীর আয়োজন ও মুহূর্তগুলোই যেন স্পষ্ট করে তুলে ধরেছে।
-বিথী রানী মণ্ডল










