সাইফকে ঘিরে আতঙ্কের বছর, বর্ষশেষে সেই স্মৃতিতে আবেগপ্রবণ কারিনা কাপুর

বছরের শুরুটা যেন দুঃস্বপ্নের মতো কেটেছিল কারিনা কাপুর খান ও তাঁর পরিবারের জন্য। কান্না, উৎকণ্ঠা আর প্রার্থনার মধ্য দিয়েই শুরু হয়েছিল ২০২৫ সাল। সাইফ আলি খানের উপর হামলার ঘটনায় শুধু তারকা পরিবারই নয়, নড়ে বসেছিল গোটা মুম্বই। শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠেছিল একাধিক প্রশ্ন। আচমকা ঘটে যাওয়া সেই ঘটনায় স্তম্ভিত হয়ে পড়েছিলেন কারিনা, তাঁদের সন্তানরা এবং পরিবারের প্রতিটি সদস্য।

 

কারিনা কাপুর লেখেন, বছরের শুরুটা কেটেছিল কান্নাকাটি আর প্রার্থনার মধ্যে দিয়ে। অনেক রাত কেটেছে নির্ঘুম। আবার অনেক সময় নিজেদের শক্ত করে ধরে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তাঁর কথায়, “আমরা কেঁদেছি, প্রার্থনা করেছি, আবার হাসার চেষ্টাও করেছি। সব মিলিয়ে মাথা উঁচু করে এই বছরটা পার করেছি।” এই অভিজ্ঞতা তাঁকে নতুন করে শিখিয়েছে জীবনের মূল্য আর মানুষের অন্তর্নিহিত সাহসের কথা।

২০২৫ সাল তাঁকে বুঝিয়েছে মানুষ আসলে কতটা নির্ভীক হতে পারে। বিপদের মুখেও মানুষ দাঁড়িয়ে যেতে জানে, আর ভালবাসা সত্যিই সবকিছুকে জয় করতে পারে। সবচেয়ে বড় উপলব্ধি এসেছে সন্তানদের ঘিরে। তিনি লিখেছেন, আমরা যতটা ভাবি, তার চেয়েও অনেক বেশি সাহসী আমাদের সন্তানেরা। ভয়কে জয় করে কীভাবে স্বাভাবিক জীবনে ফিরতে হয়, সেটা নাকি তাঁরাও শিখিয়েছেন পরিবারকে।

সেই কঠিন সময়ের কথা মনে করে বছরের শেষ প্রান্তে এসে আবেগপ্রবণ হয়ে পড়েছেন করিনা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি লেখেন, ২০২৫ সাল তাঁদের জীবনে খুব সহজ ছিল না। বিশেষ করে সন্তানদের জন্য এই বছরটা ছিল মানসিকভাবে ভীষণ চ্যালেঞ্জিং। ভয়, অনিশ্চয়তা আর দুশ্চিন্তার মধ্যে দিয়েই দিন কেটেছে। তবু সমস্ত প্রতিকূলতার মাঝেও পরিবার হিসেবে তাঁরা একসঙ্গে দাঁড়াতে পেরেছেন।

সাইফ আলি খানের উপর হামলার ঘটনায় উদ্বিগ্ন ছিলেন অনুরাগীরাও। সেই কারণেই করিনা আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন বন্ধু ও অনুরাগীদের। কঠিন সময়ে তাঁদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। কারিনা কাপুর কথায়, এই সমর্থন না পেলে হয়তো লড়াইটা আরও কঠিন হয়ে উঠত। পাশাপাশি ঈশ্বরের প্রতিও গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

নতুন বছরের কথা বলতে গিয়ে কারিনা কাপুর, ২০২৬ সালে তাঁরা প্রবেশ করছেন নতুন উদ্যম, বিশ্বাস আর ইতিবাচক মনোভাব নিয়ে। কৃতজ্ঞতা আর আশাই হবে আগামী দিনের পথচলার মূল শক্তি। অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছাও জানাতে ভোলেননি তিনি।

এর আগে সাইফের উপর হামলার প্রসঙ্গে মুখ খুলেছিলেন তাঁর কন্যা সারা আলি খানও। তিনি বলেছিলেন, পুরো পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। শেষপর্যন্ত সব ঠিক আছে, সেটার জন্য তিনি কৃতজ্ঞ। এই ঘটনা তাঁকে নতুন করে মনে করিয়ে দিয়েছে, জীবন কতটা মূল্যবান। সেই উপলব্ধিই যেন কারিনা কাপুর খানের কথাতেও বারবার ফিরে এসেছে—ভয় পেরিয়ে, কান্না ছাপিয়ে জীবনের দিকে এগিয়ে যাওয়ার গল্প হয়ে।

বিথী রানী মণ্ডল/