ভিন্ন এক চরিত্র নিয়ে ঢাকই সিনেমার দর্শকদের সামনে হাজির হতে চলছেন পরীমণি। সঙ্গী হচ্ছেন গুণী অভিনেতা চঞ্চল চৌধূরী। পরীমণিকে এবার দেখা যাবে সাহিত্যনির্ভর চলচ্চিত্রে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
পরীমনি বলেন, ‘অনেকেই আমাকে জিজ্ঞেস করতেন আমার পছন্দের চরিত্র কী? আমি সবসময় বলতাম, রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো একটি চরিত্রে অভিনয় করতে চাই।’ তিনি বলেন, ‘শাস্তির মতো একটি চরিত্রে কাজ করার জন্য আমি মুখিয়ে ছিলাম। অবশেষে সেই আকাঙ্ক্ষা পূর্ণ হতে যাচ্ছে। সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে কাজটা সুন্দরভাবে শেষ করতে চাই।’
নিজের ক্যারিয়ারের বর্তমান অবস্থান ও কাজের ধরণ নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। পরীমনির ভাষ্যমতে, ইদানীং তিনি যে ঘরানার কাজ করছেন তাতে প্রথাগত ‘হিরোইন’ ইমেজ নেই।
তিনি বলেন, ‘শুধু বাণিজ্যিক সিনেমা বা ল্যাহেঙ্গা পরে নাচানাচি করলে তো হয় না। দিন শেষে দর্শকের হৃদয়ে বেঁচে থাকার মতো একটি কাজ চাই, একটি শক্ত চরিত্র চাই। আমার মনে হয়, ‘শাস্তি’র চন্দরা চরিত্রটি আমাকে সেই তৃপ্তি দেবে।’
তার কথায়, ‘আমরা যখন হিরোদের সঙ্গে কাজ করি, তখন অনেক সময় তাদের ঠিকঠাক পাওয়া যায় না। তবে সব প্রতিবন্ধকতা কাটিয়ে আমি এখন শুধু ভালো কাজের দিকেই ফোকাস করছি।’
মাহমুদ সালেহীন খান










