এই শতকের শুরুতে বলিউডের জনপ্রিয় আইটেম ড্যান্সারদের মধ্যে ছিলেন মুমাইত খান। ‘মুন্না ভাই এমবিবিএস’-এর ‘দেখ লে’ গানে তার নাচ তাকে রাতারাতি পরিচিত করে তোলে। এরপর ‘রাউডি রাঠোর’, ‘পিক্কিরি’সহ হিন্দি, তামিল ও তেলুগু চলচ্চিত্রে নিয়মিত দেখা গেছে তাকে।
কিন্তু ২০১৬ সালের দিকে হঠাৎ তিনি ইন্ডাস্ট্রি থেকে দূর হয়ে যান। সম্প্রতি এক সাক্ষাৎকারে মুমাইত জানান, তিনি স্বেচ্ছায় কাজ ছাড়েননি। তার মস্তিষ্কে পাঁচটি রক্তনালি ফেটে যায় এবং ১৫ দিন কোমায় থাকেন। ডাক্তাররা তাকে অন্তত সাত বছর কাজ না করার পরামর্শ দেন। দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসনের কারণে বহু বছর তিনি কাজ করতে পারেননি এবং পরিবারের ওপর অর্থনৈতিক চাপ পড়ে।
২০০১ সালে তামিল ছবি ‘মাজুনু’ দিয়ে অভিনয় শুরু করা মুমাইত, ২০০৩ সালে ‘মুন্না ভাই এমবিবিএস’-এর আইটেম নুম্বরে সর্বভারতীয় পরিচিতি পান। পরবর্তী দশকে তিন ডজনের বেশি ছবিতে কাজ করেন।
দীর্ঘ অসুস্থতার সময় মুমাইত তার নতুন প্যাশন খুঁজে পান—মেকআপ ও হেয়ার স্টাইলিং। বর্তমানে তিনি একটি সফল হেয়ার ও মেকআপ ক্লিনিক পরিচালনা করছেন। মুমাইত বলেন, “প্রতিটি গানে, প্রতিটি ছবিতে আলাদা লুক করা আমার আনন্দ দিত। তখনই বুঝেছিলাম, মেকআপ আর হেয়ারই আমার প্রকৃত প্যাশন।
-বিথী রানী মণ্ডল










