ভুয়া অভিজ্ঞতা সনদ, স্বাক্ষর জালিয়াতি ও তথ্য গোপনের মাধ্যমে চাকরি গ্রহণের অভিযোগে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক জুয়েল সিকদারকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, জুয়েল সিকদারের বিরুদ্ধে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের সিএসই বিভাগের প্রধান ও রেজিস্ট্রারের স্বাক্ষর জাল করা, ওই বিশ্ববিদ্যালয়ের প্যাড বা লেটারহেড জালিয়াতি এবং তথ্য গোপন করে আর্থিক সুবিধা নেওয়ার একাধিক অভিযোগ ছিল। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিনটি পৃথক তদন্ত কমিটি গঠন করে। প্রতিটি কমিটির তদন্তেই অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।
তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর গত ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ৯ম সভায় সর্বসম্মতিক্রমে তাকে দোষী সাব্যস্ত করা হয়। এর পরিপ্রেক্ষিতে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী ওই তারিখ থেকেই তাকে চাকরি থেকে অপসারণ করে তার পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকে এ পর্যন্ত গৃহীত সকল বেতন ও আর্থিক সুবিধা অনতিবিলম্বে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে রাবিপ্রবি প্রশাসন। এই নির্দেশনা অমান্য করা হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের ২০ নভেম্বর তাকে প্রক্টর পদসহ বিশ্ববিদ্যালয়ের সকল কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
/মালিহা










