শাকসু নির্বাচন কমিশন থেকে বিএনপিপন্থি ৮ শিক্ষকের পদত্যাগ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের ঠিক আগের দিন নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেছেন বিএনপিপন্থী ৮ শিক্ষক। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে প্রশাসনিক অনিয়মের অভিযোগ তুলে তাঁরা এই সিদ্ধান্ত নেন।

নতুন সামাজিক বিজ্ঞান ভবনের নিচতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আশরাফ উদ্দিন। তিনি জানান, প্রশাসনের একঘেয়েমি আচরণ এবং বিভিন্ন প্রশাসনিক অনিয়মের প্রতিবাদে তাঁরা এই গণপদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. আশরাফ উদ্দিন বলেন, ‘আমরা এই নির্বাচনে আর কোনো দায়িত্ব পালন করছি না। আমরা অন্যদের প্রতিও আহ্বান জানাব, যাতে তাঁরা এই বিতর্কিত প্রক্রিয়ায় শামিল না হন।’ তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন আয়োজন করা কতটা যৌক্তিক, সে বিষয়ে তাঁরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও (ভিসি) তাঁদের উদ্বেগের কথা জানিয়েছেন।

ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন পরিচালনার জন্য বিপুল সংখ্যক শিক্ষকের প্রয়োজন হলেও তাঁদের মতাদর্শের সঙ্গে একাত্মতা পোষণ করে আরও অনেক শিক্ষক দায়িত্ব থেকে সরে আসতে পারেন। নির্বাচনের মাত্র ২৪ ঘণ্টা আগে এমন বড় ধরনের পদত্যাগের ঘটনায় শাকসু নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে ক্যাম্পাসে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

-মালিহা