জাতীয় ট্যুরিজম কনফারেন্সে চ্যাম্পিয়ন মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘ন্যাশনাল ট্যুরিজম কনফারেন্স ২০২৬’-এ ১৯টি বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে পোস্টার প্রেজেন্টেশনে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি।

গত ১৬ ও ১৭ জানুয়ারি রাবিপ্রবি এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো এই জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের সমাপনী দিনে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। এতে মেরিটাইম ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের এমবিএ শিক্ষার্থী রায়হানুল বিনতে মতিন ও আকিব জাবের অনিকের দল শ্রেষ্ঠত্ব অর্জন করে। প্রতিযোগিতায় স্বাগতিক রাবিপ্রবির তৌফিক হাসান প্রথম রানারআপ এবং জিসান আহমেদ দ্বিতীয় রানারআপ হন। বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হয়।

শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের অংশগ্রহণেও সরব ছিল মেরিটাইম ইউনিভার্সিটি। সম্মেলনের প্রথম দিনে বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম টেকসই পর্যটন বিষয়ক একটি গবেষণাধর্মী প্রবন্ধ উপস্থাপন করেন এবং দ্বিতীয় দিনে একটি কারিগরি সেশনে সভাপতির দায়িত্ব পালন করেন।

‘ট্যুরিজম টুমরো: নেচার্স নেক্সট ফ্লেক টু এক্সপ্লোর’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। সমাপনী অনুষ্ঠানে রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

দুই দিনব্যাপী এই আয়োজনে টেকসই পর্যটন, ব্লু ইকোনমি, পর্যটনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং কমিউনিটি ট্যুরিজম নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক, এনএসইউসহ দেশের ১৯টি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা প্রবন্ধ উপস্থাপন করেন।

-মালিহা