৪৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফল চলতি মাসেই, চলছে শেষ প্রস্তুতি

জানুয়ারির শেষ সপ্তাহে ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ও নিয়োগের সুপারিশ প্রকাশের লক্ষ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম জানিয়েছেন, নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা কমাতে কমিশন বদ্ধপরিকর। রেকর্ড সময়ে লিখিত পরীক্ষার ফলাফল দেওয়ার পর এখন মৌখিক পরীক্ষার প্রক্রিয়াও শেষের পথে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ সপ্তাহেই কয়েক হাজার প্রার্থীকে ক্যাডার হিসেবে সুপারিশ করা হবে।

বাছাই ও পরিসংখ্যান এবারের বিসিএসে আবেদন করেছিলেন ৩ লাখ ৩৭ হাজার ৯৮৬ জন, যার মধ্যে প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৫৪ হাজার ৫৬১ জন। কয়েক ধাপের যাচাই-বাছাই ও কারিগরি ত্রুটি সংশোধনের পর ৪ হাজার ৫০ জন প্রার্থী চূড়ান্ত মৌখিক পরীক্ষার জন্য মনোনীত হন। গত বছরের ২৭ নভেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল।

পদসংখ্যা ও বণ্টন মোট ৩ হাজার ১৪০টি শূন্য পদে নিয়োগের জন্য এই বিসিএস আয়োজন করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় অংশটি স্বাস্থ্য ক্যাডারের জন্য বরাদ্দ—সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন মিলিয়ে ১ হাজার ৬৯৮ জন। এছাড়া উল্লেখযোগ্য পদের মধ্যে শিক্ষা ক্যাডারে ৯২০ জন, প্রশাসনে ২৭৪ জন, পুলিশে ৮০ জন এবং পররাষ্ট্র ক্যাডারে ১০ জন নিয়োগ পাবেন। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে চূড়ান্ত সুপারিশ করা হবে।

/মালিহা