অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার পেলেন ঢাবির ১০ মেধাবী শিক্ষার্থী

অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার প্রদান অনুষ্ঠানে সনদ হাতে ঢাবির সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। ছবি: ফাইয়াজ আহনাফ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের ১৪তম ব্যাচের স্নাতক পর্যায়ে সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননাসনদ তুলে দেওয়া হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।

এ বছর এ সম্মাননা পেয়েছেন—আজরা হুমায়রা, মো. মুজ্জাম্মিল হক, আবীর ফেরদৌস অয়ন, কৌরিত্র পোদ্দার তীর্থ, আশরিফা সুলতানা রিয়া, সুমাইয়া জাহান, আফরিনা সুলতানা, বাঁধন দেব, আফরিন জাহান এবং মো. রাফিউজ্জামান লাবিব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. তৈয়েবুর রহমান। অতিথি বক্তা হিসেবে বক্তব্য দেন দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম। এ ছাড়া বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলীসহ শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই সম্মাননা প্রয়াত অধ্যাপক সিতারা পারভীনের স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে প্রদান করা হয়। তিনি ছিলেন সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদের কন্যা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলীর সহধর্মিণী। ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে এক সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর স্মরণে পরিবার ২০০৬ সাল থেকে এই পুরস্কার প্রবর্তন করে।

নিয়ম অনুযায়ী, প্রতি বছর স্নাতক পর্যায়ে সর্বোচ্চ ফল অর্জনকারী প্রথম ১০ জন শিক্ষার্থী এই সম্মাননা পেয়ে থাকেন। তবে কোনো শিক্ষাবর্ষে একাধিক শিক্ষার্থী সমান ফল অর্জন করলে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বাড়তে পারে।

-আফরিনা সুলতানা/