তথ্যপ্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে সিলেটে প্রথমবার ডেটা সায়েন্সে পূর্ণাঙ্গ অনার্স প্রোগ্রাম চালু করেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি।
আধুনিক ও ভবিষ্যৎমুখী শিক্ষার চাহিদা বিবেচনায় সিলেটে প্রথমবারের মতো ‘বিএসসি (অনার্স) ইন ডেটা সায়েন্স’ প্রোগ্রাম চালু করেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্প্রিং টার্মে এই নতুন প্রোগ্রামে বর্তমানে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলছে।
বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তৌফিক রহমান চৌধুরী বলেন, এ প্রোগ্রামে অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে পাঠদান, আধুনিক কম্পিউটার ল্যাবে ব্যবহারিক প্রশিক্ষণ, গবেষণামুখী শেখার পরিবেশ এবং ইন্টার্নশিপ ও ক্যারিয়ার সাপোর্টের সুযোগ রাখা হয়েছে, যা শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা অর্জনে সহায়ক হবে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ডেটা সায়েন্স বর্তমানে বিশ্বব্যাপী সবচেয়ে চাহিদাসম্পন্ন ও সম্ভাবনাময় বিষয়গুলোর একটি। সিলেট অঞ্চলে এই প্রথম ও একমাত্র প্রতিষ্ঠান হিসেবে মেট্রোপলিটন ইউনিভার্সিটি চার বছর মেয়াদি ডেটা সায়েন্স অনার্স প্রোগ্রাম চালু করেছে। পাঠ্যক্রমে মেশিন লার্নিং, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা অ্যানালাইসিসের মতো আধুনিক প্রযুক্তিনির্ভর বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।
ভর্তির যোগ্যতা সম্পর্কে জানানো হয়, বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এ প্রোগ্রামে আবেদন করতে পারবে। মেধাবী শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত স্কলারশিপের পাশাপাশি এইচএসসিতে গোল্ডেন জিপিএ–৫ অর্জনকারী প্রথম ১০ শিক্ষার্থীর জন্য বিশেষ টিউশন ফি মওকুফের সুবিধাও রয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তানভীর রহমান চৌধুরী বলেন, সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের প্রস্তুত করতেই ডেটা সায়েন্সে এই প্রোগ্রাম চালু করা হয়েছে। প্রোগ্রাম শেষে শিক্ষার্থীরা দেশ ও বিদেশে ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর পেশায় ক্যারিয়ার গড়তে পারবে।
মালিহা










