বৈশ্বিক ই-কমার্স জায়ান্ট অ্যামাজন করপোরেট কর্মীদের অফিসে উপস্থিতি ও সেখানে কাটানো সময় নজরদারিতে নতুন ব্যবস্থা চালু করেছে। এর মাধ্যমে ম্যানেজাররা সরাসরি কর্মীদের অফিসে আসা-যাওয়া, অবস্থানকাল ও নির্ধারিত ভবনে উপস্থিতির তথ্য দেখতে পারছেন।
বিজনেস ইনসাইডারের হাতে আসা অভ্যন্তরীণ নথি অনুযায়ী, ২০২২ সালের ডিসেম্বর থেকে এই ব্যবস্থা ধাপে ধাপে চালু হয়েছে। কর্মীদের আইডি কার্ড স্ক্যানের তথ্য ব্যবহার করে অফিসে প্রবেশ ও অবস্থানকাল ট্র্যাক করা হচ্ছে। তথ্য দৈনিক হালনাগাদ হয় এবং আট সপ্তাহের উপস্থিতির ধারা বিশ্লেষণ দেখানো হয়। আগে এই তথ্য পেতে ম্যানেজারদের মানবসম্পদ প্রতিবেদনের ওপর নির্ভর করতে হতো।
কর্মীদের উপস্থিতি অনুযায়ী শ্রেণীভিত্তিক ভাগ করা হয়েছে। যেমন, দিনে গড়ে ৪ ঘণ্টার কম অফিসে থাকা কর্মীদের আলাদা তালিকায় রাখা হয়। টানা আট সপ্তাহ একদিনও না আসলে ভিন্ন শ্রেণী নির্ধারণ করা হয়। নির্ধারিত ভবনের বাইরে অন্য ভবনে প্রবেশের তথ্যও আলাদা দেখানো হয়।
অ্যামাজনের মুখপাত্র জানিয়েছেন, এটি নজরদারি নয়, বরং কর্মীদের একসঙ্গে কাজ করতে উৎসাহিত করাই মূল লক্ষ্য। ব্যবস্থাপকরা যান্ত্রিকভাবে সিদ্ধান্ত নেবেন না, বরং বাস্তবতা বিবেচনায় রাখবেন। এক বছরের বেশি সময় ধরে ব্যবস্থাপকরা এ তথ্য ব্যবহার করে কর্মীদের সহায়তা দিতে পারছেন।
নতুন সিস্টেমটি শুধুমাত্র করপোরেট কর্মীদের জন্য প্রযোজ্য; গুদামকর্মী ও চুক্তিভিত্তিক কর্মীরা এতে অন্তর্ভুক্ত নন। কিছু দলে দিনে ২–৬ ঘণ্টা অফিসে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। তবে কর্মীদের মধ্যে এ কঠোরতার সমালোচনাও উঠেছে।
সূত্র: টেকজুম
সাবরিনা রিমি/










