আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের রাজনীতিতে বড় ধরনের দলবদলের ঘটনা ঘটেছে। জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমানসহ মেহেন্দিগঞ্জ, হিজলা ও কাজিরহাট এলাকার সহস্রাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসানের বাসভবনে গিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
কেন এই দলবদল?
যোগদানকালে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান বলেন, “জাতীয় পার্টির বর্তমান সাংগঠনিক অবস্থা অত্যন্ত ভঙ্গুর। দলের কোনো কার্যক্রম না থাকায় আমরা সংগঠন থেকে সরে দাঁড়িয়েছি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসানের নেতৃত্বের প্রতি ভালোলাগা থেকেই আমরা সহস্রাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করেছি।”
যা বললেন বিএনপি প্রার্থী রাজিব আহসান
নবাগতদের স্বাগত জানিয়ে বিএনপি প্রার্থী রাজিব আহসান বলেন, “মেহেন্দিগঞ্জ উপজেলায় ভিন্ন মত ও আদর্শের ভিন্নতা থাকবে, কিন্তু একটি জায়গায় আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। সেটি হলো—মেহেন্দিগঞ্জের নামের আগে ‘অবহেলিত’ শব্দটি বাদ দিতে সবাই মিলে কাজ করা।”
যোগদান অনুষ্ঠানে মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহমেদ সেলিমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এই যোগদানকে কেন্দ্র করে বরিশাল-৪ আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন মেরুকরণের আভাস পাওয়া যাচ্ছে।
মোঃ আশফুল আলম | উপ-সম্পাদক










