আগামী জাতীয় নির্বাচন, দল পরিচালনা এবং সরকার গঠনসহ সকল বিষয়ে দেশের সর্বস্তরের মানুষের মতামত সরাসরি গ্রহণ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দল ও সরকারের প্রতিটি কার্যক্রমে গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন এবং সাধারণ মানুষের রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতেই এই যুগান্তকারী উদ্যোগ নেওয়া হয়েছে।
যেভাবে দেওয়া যাবে মতামত
জানা গেছে, শিগগিরই তারেক রহমানের পক্ষ থেকে সর্বস্তরের মানুষের মতামত সংগ্রহের জন্য একটি বিশেষ কিউআর (QR) কোড চালু করা হবে। এই সিস্টেমের মাধ্যমে যেকোনো নাগরিক যেকোনো বিষয়ে তাদের মূল্যবান মতামত সরাসরি জানাতে পারবেন।
এরই মধ্যে এই উদ্দেশে ‘ম্যাচ মাই পলিসি ডট নেট’ (www.matchmypolicy.net) নামে একটি ওয়েবসাইট চালু করেছে বিএনপি, যা বাংলাদেশের রাজনীতিতে প্রথম ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল পলিসি প্ল্যাটফর্ম।
লক্ষ্য অংশগ্রহণমূলক গণতন্ত্র
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “জনগণের মতামতের ভিত্তিতেই দল পরিচালনা থেকে শুরু করে নির্বাচন ও সরকার পরিচালনার সব কাজ করতে চায় বিএনপি, যাতে প্রতিটি কার্যক্রমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে।”
কীভাবে কাজ করে ‘ম্যাচ মাই পলিসি’?
‘ম্যাচ মাই পলিসি’ একটি সোয়াইপ-ভিত্তিক ওয়েব অ্যাপ, যার ইন্টারফেস অত্যন্ত সহজ ও ব্যবহারবান্ধব। প্রতিটি স্ক্রিনে বিএনপির বিভিন্ন পলিসির সংক্ষিপ্ত বিবরণ থাকবে। ব্যবহারকারীরা ডানে বা বামে সোয়াইপ করেই নির্দিষ্ট পলিসির প্রতি তাদের সমর্থন বা অসমর্থন জানাতে পারবেন। এছাড়া ‘Opinion’ অপশনে গিয়ে যেকোনো পলিসি বিষয়ে বিস্তারিত লিখিত পরামর্শ দেওয়ারও সুযোগ রয়েছে।
বিএনপির সহ তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এইচ এম সাইফ আলী খান বলেন, “ম্যাচ মাই পলিসি কেবল একটি প্রযুক্তিগত উদ্যোগ নয়; এটি পলিসি-নির্ভর রাজনীতি, অংশগ্রহণমূলক গণতন্ত্র এবং জনগণের সঙ্গে সরাসরি সংযোগ তৈরির একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা।”
জুলাই গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক অংশগ্রহণ, পলিসিভিত্তিক আলোচনা এবং তরুণদের মতামতকে গুরুত্ব দিতেই এই ডিজিটাল প্ল্যাটফর্মটি চালু করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি।
মোঃ আশরাফুল আলম | উপ-সম্পাদক










