দলবদলের ঘোষণা: বিএনপিতে রাশেদ খাঁন, ঝিনাইদহ-৪ আসনে লড়বেন ধানের শীষে

আবু তাহের

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন শনিবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তে যোগ দিয়েছেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে দলবদলের ঘোষণা দেন।

এ সময় মির্জা ফখরুল সাংবাদিকদের জানান, রাশেদ খাঁন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। তিনি আরও বলেন, “ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সকল নেতাকর্মীকে রাশেদ খাঁনের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।”

এর আগে রাশেদ খাঁন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেন। পদত্যাগপত্রে তিনি সভাপতি নুরুল হক নুরকে ধন্যবাদ জানিয়ে লেখেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে দীর্ঘদিন রাজপথে সহযোদ্ধা হিসেবে কাজ করেছেন। তিনি উল্লেখ করেন, তার আচরণ বা বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি ক্ষমা প্রার্থনা করছেন এবং পদত্যাগের পরও নুরুল হক নূরের সঙ্গে সম্পর্ক ভ্রাতৃত্বের বন্ধনে অটুট থাকবে।