বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহমুদুর রহমান মান্না। আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
যা নিয়ে আলোচনা
সাক্ষাৎ শেষে কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাহমুদুর রহমান মান্না। তিনি জানান, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার বিষয়ে নির্বাচন কমিশনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, “নির্বাচনকালীন পরিবেশ স্বাভাবিক রাখা অত্যন্ত জরুরি।”
কোন আসনে লড়বেন মান্না?
আসন্ন জাতীয় নির্বাচনে তিনি কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান নাগরিক ঐক্যের সভাপতি।
মান্না বলেন, “আসন সমঝোতার ভিত্তিতে আমাকে যে আসন থেকে নির্বাচন করার সুযোগ দেওয়া হবে, আমি সেখান থেকেই প্রতিদ্বন্দ্বিতা করব।”
এর আগে মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের প্রার্থী হিসেবে বগুড়া-২ (শিবগঞ্জ) এবং ঢাকা-১৮ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে জোটের প্রার্থী হিসেবে তিনি শেষ পর্যন্ত কোন আসনে লড়বেন, তা এখনো নিশ্চিত নয়।
মোঃ আশরাফুল আলম | উপ-সম্পাদক










