জামায়াত জোটে যাওয়ার দ্বিমত: এনসিপি থেকে পদত্যাগ করলেন মুশফিক উস সালেহীন

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) পদত্যাগের মিছিল দীর্ঘ হচ্ছে। জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের সিদ্ধান্তের বিরোধিতা করে এবার দল ছাড়লেন এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় মুঠোফোনে তিনি গণমাধ্যমকে নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

মিডিয়া সেলের সম্পাদকের দায়িত্ব ছাড়াও মুশফিক এনসিপির যুগ্ম সদস্যসচিব, কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং পলিসি অ্যান্ড রিসার্চ উইংয়ের কো-লিড হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন।

পদত্যাগপত্রে মুশফিক উস সালেহীন দলের সাম্প্রতিক রাজনৈতিক সিদ্ধান্তের সঙ্গে তীব্র দ্বিমত পোষণ করেন। তিনি লিখেন, ‘সম্প্রতি আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটে অন্তর্ভুক্ত হওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার সঙ্গে আমি নীতিগতভাবে একমত নই।’

তিনি আরও উল্লেখ করেন, এনসিপির ওই জোটে যোগদানের বিষয়টি জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং একটি অন্তর্ভুক্তিমূলক নাগরিক রাষ্ট্র নির্মাণের রাজনৈতিক লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

মুশফিক উস সালেহীনের পদত্যাগের মধ্য দিয়ে জামায়াতের সঙ্গে সমঝোতাকে কেন্দ্র করে এনসিপির অন্তত ১০ জন কেন্দ্রীয় নেতা দল ছাড়লেন।

এর আগে, একই দিন দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক ভিডিও বার্তার মাধ্যমে পদত্যাগ করেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন।