ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাবি শাখার যৌথ উদ্যোগে আয়োজিত “শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা-২০২৬” আগামী ১৮ থেকে ২২ জানুয়ারি পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা চলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পায়রা চত্বরে।
বইমেলার উদ্বোধন করবেন শহীদ শরিফ ওসমান হাদির ভাই ওমর বিন হাদি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং বিশেষ অতিথি হিসেবে ডাকসু ভিপি আবু সাদিক কায়েম।
গতকাল সোমবার (১২ জানুয়ারি) ঢাবি মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে বইমেলার বিস্তারিত ঘোষণা দেন লেখক ফোরামের সভাপতি আশিক খান। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবিদ হাসান রাফি এবং ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
আশিক খান লিখিত বক্তব্যে বলেন, “শহীদ ওসমান হাদি শুধু একজন ব্যক্তি নন, তিনি আমাদের সময়ের প্রতিবাদী চেতনার নাম। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা, ভারতীয় আধিপত্যবাদ ও দমন-পীড়নের বিরুদ্ধে আপসহীন অবস্থান— এসবের মাধ্যমে তিনি তরুণ সমাজকে অনুপ্রাণিত করেছেন। এই বইমেলার মূল উদ্দেশ্য শহীদ ওসমান হাদির জীবন ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, প্রতিবাদী চেতনাকে জাগ্রত করা এবং বইকে মুক্তচিন্তা ও প্রতিরোধের হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা করা।”
তিনি আরও জানান, মেলায় থাকবে বিভিন্ন প্রকাশনার বইয়ের স্টল, স্মরণসভা, আলোচনা অনুষ্ঠান, সেমিনার এবং তরুণ লেখক ও পাঠকদের অংশগ্রহণে শহীদ ওসমান হাদির জীবন ও সংগ্রামভিত্তিক বিশেষ আয়োজন।
ডাকসুর সাহিত্য সম্পাদক মুসাদ্দিক আলী বলেন, “শহীদ শরিফ ওসমান হাদির সাংস্কৃতিক লড়াইকে এগিয়ে নিতে আমরা এই আয়োজন করেছি। প্রতি বছরই এই বইমেলা অব্যহত রাখা হবে।”
মালিহা










