দাওরায়ে হাদিস সনদ বাস্তবায়নে চার মন্ত্রণালয়ে চিঠি

ছবি- সংগৃহীত।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, কওমি মাদরাসার দাওরায়ে হাদিস সনদ বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য চারটি মন্ত্রণালয়ে আধা-সরকারি পত্র পাঠানো হয়েছে। ইতোমধ্যে আইন মন্ত্রণালয় দাওরায়ে হাদিস সনদধারীদের নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স দেওয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট বিধিমালা সংশোধন করেছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা জানান, দাওরায়ে হাদিস সনদধারীদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থায় খতিব, ইমাম ও ধর্মীয় শিক্ষক হিসেবে পদায়নের বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

জনবল নিয়োগে স্বজনপ্রীতি ও দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, দায়িত্বে থাকা পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে রেখে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা হবে। নিয়োগ, পদোন্নতিসহ সব কার্যক্রম বিধিবিধান অনুসরণ করে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে সম্পন্ন করা হবে।

‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়)’ প্রকল্পের আওতায় সারাদেশে ৭৩ হাজার ৭৬৮টি কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে ৩৪ লাখ ৩৬ হাজার ৭০৪টি বই বিতরণ করা হয়।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ ও মনির হায়দার এবং ধর্ম সচিব মো. কামাল উদ্দিন।

ধর্ম উপদেষ্টা বলেন, প্রকল্পটি অনুমোদনের জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা দিন-রাত পরিশ্রম করেছেন। প্রয়োজনীয় আমলাতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করে প্রকল্পটি পাস করা হয়েছে এবং ভবিষ্যতে এটিকে রাজস্ব খাতে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হবে।

আলেমদের কল্যাণে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ইসলামি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী ইমাম ও আলেমদের জন্য পিএইচডি স্কলারশিপ চালু করা হবে। বিশ্বের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে ইসলামি বিষয়ে পিএইচডি অর্জনে এ স্কলারশিপ দেওয়া হবে। এ ছাড়া ইসলামের খেদমতে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের চলতি মাসেই কেন্দ্রীয়ভাবে সম্মাননা প্রদান করা হবে।

উল্লেখ্য, প্রকল্পটির চলতি মেয়াদে পর্যায়ক্রমে এক কোটি ৪৫ লাখ ৮১ হাজার ২০০ জনকে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা বিকাশ এবং পবিত্র কোরআনসহ প্রাক-প্রাথমিক শিক্ষা দেওয়া হবে।

মালিহা নামলাহ