শাবিপ্রবির ভর্তি পরীক্ষায় আবেদন ৭৫ হাজার শিক্ষার্থীর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় অংশ নিতে এবার আবেদন করেছেন ৭৫ হাজার ২৩ জন শিক্ষার্থী। ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম জানান, অনলাইন আবেদন বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হয়েছে।

তিনি বলেন, ‘এ’ ইউনিট, ‘বি’ ইউনিট এবং ‘এ–২’ সাব–ইউনিট (আর্কিটেকচার) মিলে মোট এই সংখ্যক আবেদন জমা পড়েছে। ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ জানুয়ারি এবং ‘বি’ ইউনিটের পরীক্ষা ১৪ জানুয়ারি। এবার সিলেট ও ঢাকায় নির্ধারিত কেন্দ্রগুলোয় ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি নির্দেশিকা অনুযায়ী, পরীক্ষা হবে ৮০ নম্বরের। ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি জিপিএ–এর যোগফলকে ২ দ্বারা এবং ২০২৪ সালের পরীক্ষার্থীদের ক্ষেত্রে তা ১.৬ দ্বারা গুণ করে সর্বমোট ১০০ নম্বরের মধ্যে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে।

চলতি শিক্ষাবর্ষে ১ হাজার ৫৬৬টি আসনে ভর্তি নেওয়া হবে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৯৮৫টি এবং ‘বি’ ইউনিটে ৫৮১টি আসন নির্ধারিত রয়েছে। এছাড়াও পাঁচটি বিশেষ কোটায় অতিরিক্ত ৭৭টি আসন সংরক্ষিত থাকবে—এর মধ্যে রয়েছে এথনিক মেরিটে ২৮টি, ডিজেবিলিটি মেরিটে ১৪টি, টি-লেবার মেরিটে ৫টি, স্পোর্টস মেরিটে ১০টি এবং সাস্ট কমিউনিটি মেরিটে ২০টি আসন।