হ্যান্সি ফ্লিক ফাইনাল খেলেন না, ফাইনাল জেতেন

ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের বিপক্ষে এগিয়ে গিয়েও প্রথমার্ধের ইনজুরি সময়ে বড় ধাক্কা খায় বার্সেলোনা। জোড়া গোল হজম করলেও মাঝখানে একটি গোল করে ২-২ সমতায় বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে রাফিনহার নিখুঁত ফিনিশিংয়ে আবারও লিড নেয় কাতালান জায়ান্টরা।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে লাল কার্ড দেখে বার্সেলোনা ১০ জনের দলে পরিণত হলেও শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি রিয়াল। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়েও নাটকীয় প্রত্যাবর্তনের আশা ছিল মাদ্রিদ ক্লাবের। তবে বেঞ্চে থাকা হ্যান্সি ফ্লিক সে সুযোগ দেননি। কারণ ফাইনালে হার কাকে বলে, সেটাই যেন জানা নেই জার্মান কোচের।

গতকাল (রোববার) জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস অ্যাকাডেমি মাঠে অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপ ফাইনালে ৩-২ গোলে রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা জেতে বার্সেলোনা। এটি ছিল হ্যান্সি ফ্লিকের কোচিং ক্যারিয়ারের অষ্টম ফাইনাল—আর আটটিতেই জয়। শতভাগ সাফল্যের নজির গড়লেন তিনি।

বার্সেলোনার কোচ হিসেবে এটি ছিল ফ্লিকের তৃতীয় ফাইনাল এবং তিনবারই প্রতিপক্ষ ছিল রিয়াল মাদ্রিদ। গত মৌসুমে সুপার কাপ ও কোপা দেল রে জয়ের পর এবার যোগ হলো আরেকটি সুপার কাপ শিরোপা।

এর আগে বায়ার্ন মিউনিখের হয়ে পাঁচটি ফাইনাল জিতেছেন ফ্লিক। ২০২০ সালে জার্মান কাপ, চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও জার্মান সুপার কাপসহ এক বছরে চারটি বড় শিরোপা জেতান তিনি।

এমন ধারাবাহিক সাফল্য দেখলে একটি কথাই মানানসই “হ্যান্সি ফ্লিক ফাইনাল খেলেন না, ফাইনাল জেতেন।“

-এমইউএম