নওগাঁ বিশ্ববিদ্যালয় যুক্ত হওয়ায় গুচ্ছে ফের আবেদন

ছবি- সংগৃহীত।

জিএসটি গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য পুনরায় আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টা থেকে আগামী ১৬ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটি (২০২৫–২০২৬)-এর সচিব অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫–২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষার প্রথম দফার আবেদন কার্যক্রম গত ৩০ ডিসেম্বর শেষ হয়। পরবর্তীতে প্রথমবারের মতো নওগাঁ বিশ্ববিদ্যালয় দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তির অনুমোদন পাওয়ায় গত ১০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টি জিএসটি (General, Science & Technology) গুচ্ছে অন্তর্ভুক্ত হয়। এতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়িয়েছে ২০টিতে।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন করে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে যারা আবেদন করবেন, তারা জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন এবং যোগ্যতা অনুযায়ী সব ২০টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রথম পর্যায়ে (৩০ ডিসেম্বর পর্যন্ত) আবেদন করা শিক্ষার্থীরা এবং দ্বিতীয় পর্যায়ে (১২ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত) আবেদনকারীরা—উভয়ই গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ের জন্য সমানভাবে বিবেচিত হবেন। তবে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কোনো পরীক্ষাকেন্দ্র থাকবে না। দ্বিতীয় পর্যায়ের আবেদনকারীদের পূর্বনির্ধারিত কেন্দ্রগুলোর মধ্য থেকে প্রাপ্যতা অনুযায়ী কেন্দ্র নির্বাচন করতে হবে। প্রথম পর্যায়ের আবেদনকারীদের ক্ষেত্রে পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না।

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো— ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (টাঙ্গাইল), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর), গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (সিরাজগঞ্জ), ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ (গাজীপুর), নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।

ভর্তি পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য জিএসটি গুচ্ছের ওয়েবসাইটে (www.gstadmission.ac.bd) পাওয়া যাবে।

মালিহা