ইসিতে চলছে মনোনয়ন সংক্রান্ত আপিল শুনানির তৃতীয় দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের করা আপিলের শুনানি নির্বাচন কমিশনে (ইসি) অব্যাহত রয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় আপিল শুনানির তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয়, যা বিকাল ৫টা পর্যন্ত চলবে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, আজ ১৪১ থেকে ২১০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। আগামীকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি গ্রহণ করবে কমিশন। এ শুনানিতে দেশের বিভিন্ন আসনের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিপক্ষে নিজেদের যুক্তি ও বক্তব্য উপস্থাপনের সুযোগ পাচ্ছেন।

এর আগে শনিবার আপিল শুনানির প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর পর্যন্ত আপিল নিষ্পত্তি করা হয়। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা ৫১টি আপিল এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা ১টি আপিল মঞ্জুর করে কমিশন। ব্রাহ্মণবাড়িয়া–১ আসনে স্বতন্ত্র প্রার্থী এস এ কে একরামুজ্জামানের মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিল মঞ্জুর হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া ১৫টি আপিল নামঞ্জুর এবং ৩টি আপিল অপেক্ষমাণ রাখা হয়।

রোববার (১১ জানুয়ারি) দ্বিতীয় দিনের শুনানিতে ৭০ জন প্রার্থীর আপিল নিষ্পত্তি করা হয়। এর মধ্যে ৫৭ জনের আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। পাশাপাশি ৭টি আপিল নামঞ্জুর এবং ৬টি আপিল পরবর্তী সিদ্ধান্তের জন্য পেন্ডিং রাখা হয়। পেন্ডিং থাকা প্রার্থীদের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। এদিন মুন্সীগঞ্জ–৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিনের আপিলও মঞ্জুর করা হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

আফরিনা সুলতানা/