নতুন বছরে অ্যান্ড্রয়েডে আসছে একাধিক নতুন ফিচারের ইঙ্গিত

ছবি: সংগৃহীত

নতুন বছরে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে বেশ কিছু নতুন ফিচার যুক্ত হওয়ার আভাস দিয়েছে গুগল। যদিও সব ডিভাইসে এসব পরিবর্তন পৌঁছাতে কিছুটা সময় লাগবে, তবু ইতোমধ্যে নতুন সংস্করণ নিয়ে ব্যবহারকারীদের মধ্যে আগ্রহ ও উত্তেজনা তৈরি হয়েছে। গত কয়েক মাস ধরেই গুগল বিস্তারিত আপডেট পরিকল্পনার কথা জানিয়ে আসছিল। চলতি মাসেই অ্যান্ড্রয়েডের প্রথম পাবলিক বেটা সংস্করণ চালু হওয়ার কথা রয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা আগেভাগেই আসন্ন পরিবর্তনের ধারণা পেয়েছেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে অনেকেই ইতোমধ্যে বেটা সংস্করণের নতুন সুবিধাগুলো ব্যবহার করছেন, যদিও সব ফিচার ধাপে ধাপে যুক্ত হবে।

নতুন সংযোজিত ফিচারগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত ও উল্লেখযোগ্য হলো ‘লাইভ আপডেট’ সুবিধা। এটি মূলত অ্যাপলের লাইভ অ্যাক্টিভিটি ফিচারের অনুকরণে গুগলের নিজস্ব সংস্করণ। এই ফিচার অ্যাপ ডেভেলপারদের জন্য লাইভ প্রোগ্রেস বার উন্নয়নের সুযোগ তৈরি করবে, যার মাধ্যমে উবার যাত্রা বা খাবার সরবরাহের মতো সময়-সংবেদনশীল কার্যক্রমের তাৎক্ষণিক তথ্য সরাসরি স্ক্রিনে দেখানো যাবে।

তবে লাইভ আপডেট ফিচারটি এখনও পুরোপুরি চালু হয়নি। চলতি সপ্তাহে নির্দিষ্ট কয়েকটি দেশের ব্যবহারকারীদের জন্য এটি পরীক্ষামূলকভাবে উন্মুক্ত করা হবে। এতে ডেভেলপারদের জন্য সহায়ক ও কাস্টমাইজ সুবিধা থাকলেও, অপারেটিং সিস্টেমের পূর্ণ আপডেট না আসা পর্যন্ত সব ডিভাইসে এটি সব সময় অন-ডিসপ্লেতে দৃশ্যমান নাও থাকতে পারে।

নতুন সংস্করণে নির্দিষ্ট একটি অ্যাপ থেকে আসা সব নোটিফিকেশন স্বয়ংক্রিয়ভাবে একত্রে গোষ্ঠীভুক্ত হবে, ফলে ডিভাইসের ডিসপ্লে আরও গোছানো ও পরিষ্কার দেখাবে। বিশ্লেষকদের মতে, অ্যাপলের মতো করেই গুগল তাদের সর্বশেষ অপারেটিং সিস্টেমের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে।

এ ছাড়া গুগল তাদের পরিকল্পিত ‘ম্যাটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ’ আপডেট নিয়েও কাজ করছে। খুব শিগগিরই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে এই আপডেট দেওয়া হবে। এর ফলে অ্যাপগুলোর ডিজাইনে ‘এজ-টু-এজ’ স্ক্রিন ব্যবহারের শর্ত পূরণ করতে হবে। নতুন ফিচারের মাধ্যমে অ্যাপের ইন্টারফেস স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনের আকার ও অনুপাতের সঙ্গে মানিয়ে নেবে। আগে ডেভেলপারদের হাতে এ বিষয়ে খুব কম বিকল্প থাকলেও, নতুন সংস্করণে এই সমন্বয় প্রক্রিয়া আরও সহজ ও স্বয়ংক্রিয় হবে।

আফরিনা সুলতানা/