চট্টগ্রামে ছুরিকাঘাতে দুই যুবকের মৃত্যু, পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

ছবি: স্থানীয়ভাবে সংগৃহীত

চট্টগ্রামে পৃথক দুটি ঘটনায় ছুরিকাঘাতে দুই যুবক নিহত হয়েছেন। শনিবার রাতে নগরের বন্দর থানার পোর্ট কলোনি এলাকা এবং জেলার হাটহাজারী উপজেলায় এই হত্যাকাণ্ড ঘটে।

বন্দর থানার পোর্ট কলোনি এলাকায় নিহত যুবকের নাম আজিয়ার রহমান। তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার আলতি বুরুজবাড়িয়া এলাকার বাসিন্দা এবং মৃত হাসেন আলীর ছেলে। পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে দুর্বৃত্তরা আজিয়ার রহমানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে একই রাতে হাটহাজারী উপজেলার বাসস্ট্যান্ডসংলগ্ন কলাবাগান এলাকায় অটোরিকশায় করে আসা তিনজন দুর্বৃত্ত মাহবুবুল আলমকে ছুরিকাঘাত করে বলে জানিয়েছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মাহবুবুল আলম হাটহাজারী পৌরসভার দেওয়াননগর এলাকার বাসিন্দা ছিলেন এবং পেশায় তিনি একজন মাইক্রোবাসচালক।

মাইক্রোবাসচালক মাহবুবুল আলমের হত্যার প্রতিবাদে রোববার সকালে হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় পরিবহনশ্রমিকরা বিক্ষোভ করেন। এতে চট্টগ্রাম–রাঙামাটি ও চট্টগ্রাম–খাগড়াছড়ি সড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ জানান, মাহবুবুল আলমকে কী কারণে এবং কারা ছুরিকাঘাত করেছে, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

আফরিনা সুলতানা/