ইসলামী আন্দোলনের ঘাঁটিতে জামায়াতের প্রার্থী নিয়ে বিতর্ক

জোট রাজনীতিতে পারস্পরিক ছাড় ও প্রত্যাশার সীমারেখা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ ফয়জুল করিমের বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সৈয়দ ফয়জুল করিম বলেন, “আমরা তো জামায়াত আমীর ডা. শফিক সাহেবের আসনে প্রার্থী দেই নাই। কিন্তু আমাদের এখানে তাদের প্রার্থী দেয়াটা অসুন্দর হয়েছে। এই এলাকায় আমাদের ভিত্তি। এখানে জোটের অন্য কেউ নির্বাচন করবে এটা কি হওয়া উচিত?”তার এই বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে, জোটের বৃহত্তর সমঝোতার অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী না দিয়ে ছাড় দিলেও, নিজেদের শক্ত ঘাঁটিতে জামায়াতে ইসলামীর প্রার্থী দেওয়াকে তিনি ন্যায্য মনে করছেন না।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সৈয়দ ফয়জুল করিমের বক্তব্য কেবল ব্যক্তিগত মত নয়; এটি মাঠপর্যায়ে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে জমে থাকা অসন্তোষের প্রতিফলন। সংশ্লিষ্ট এলাকায় দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম, ভোটভিত্তি ও জনসম্পৃক্ততার কথা তুলে ধরে তিনি মূলত জোটের ভেতরের ভারসাম্য প্রশ্নবিদ্ধ করেছেন।

একজন রাজনৈতিক পর্যবেক্ষক বলেন, “জোট রাজনীতিতে ছাড় দেওয়ার বিষয়টি একতরফা মনে হলে মাঠের কর্মীরা তা সহজে মেনে নেয় না। ফয়জুল করিমের বক্তব্য সেই বাস্তবতারই প্রকাশ।”জোট রাজনীতিতে বার্তা
এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা হচ্ছে—ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ভবিষ্যতে আসন বণ্টন নিয়ে আরও কঠোর অবস্থানে যাবে? নাকি এটি কেবল আলোচনার টেবিলে চাপ বাড়ানোর কৌশল? বিশ্লেষকদের মতে, প্রকাশ্য এমন মন্তব্য জোট নেতৃত্বের জন্য একটি সতর্ক সংকেত। কারণ, আদর্শিক মিল থাকলেও নির্বাচনী রাজনীতিতে আসন, প্রভাব ও ভোটব্যাংকের প্রশ্ন উপেক্ষা করা কঠিন।

সৈয়দ ফয়জুল করিমের বক্তব্যের পর জোটের শীর্ষ পর্যায়ে নতুন করে আলোচনা শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি সমাধানে ব্যর্থ হলে ইসলামপন্থী দলগুলোর নির্বাচনী সমন্বয় কতটা কার্যকর থাকবে—সে প্রশ্নও উঠছে রাজনৈতিক মহলে।

-আবু তাহের