স্বাধীনতায় অবিশ্বাসীদের মানুষ সমর্থন করে না

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের মানুষ কোনোভাবেই সেই দলকে সমর্থন করবেন না, যারা স্বাধীনতায় বিশ্বাস করে না। যারা স্বাধীনতার বিশ্বাস করেনি, তাদের হাতে বাংলাদেশ নিরাপদ কিনা– সে প্রশ্নও রাখেন তিনি।

গতকাল রোববার পঞ্চগড়-২ আসনে বিএনপি প্রার্থী ফরহাদ হোসেন আজাদের এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। দেবীগঞ্জ উপজেলা সদরের দেবদারু তলায় এ জনসভা হয়।

জাতীয় সংসদ নির্বাচনকে পুরোপুরি একটি রাজনৈতিক সিদ্ধান্তের নির্বাচন বলে অভিহিত করেন মির্জা ফখরুল। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘সিদ্ধান্ত নিন অতীতে ফিরে যাবেন, নাকি সামনের দিকে আগাবেন, আপনি কি স্বাধীনতার বিরোধীদের পক্ষে যাবেন, নাকি স্বাধীনতার পক্ষে সামনের দিকে এগিয়ে যাবেন। বিএনপি স্বাধীনতার ঘোষণাকারী জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল, গণতন্ত্রের প্রবর্তনকারীর দল, আমাদের নেত্রী সারাজীবন আপসহীন সংগ্রাম করেছেন। এই নেত্রী আমাদের মেয়েদের লেখাপড়া অবৈতনিক করে দিয়েছিলেন, এই নেত্রীর আমলেই দেশের অর্থনীতি ওপরের দিকে যাচ্ছিল। একমাত্র বিএনপি পারে একটা স্থিতিশীল অর্থনীতি দিতে, মানুষের জায়গা পূরণ করতে। জামায়াতে ইসলামীর সেই অভিজ্ঞতা কোনোদিনও ছিল না; ভবিষ্যতেও তারা সেটা করতে পারবে না।

জামায়াতের দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা পড়েছেন তারা জানেন, এই দলটির রগকাটা অভ্যাস আছে। আমরা জানি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কীভাবে তারা হত্যার পর হত্যা করে গেছে। আমাদের তাদের বিষয়ে সজাগ থাকতে হবে। কোনোমতেই আমরা এই নির্বাচনকে বানচাল হতে দিতে পারি না।
সভায় পঞ্চগড়-২ আসনের প্রার্থী ফরহাদ হোসেন আজাদসহ বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতারা বক্তব্য দেন। পরে মির্জা ফখরুল একই আসনের বোদা উপজেলা সদরের ধানহাটি মাঠে আরেক নির্বাচনী জনসভায় যোগ দেন।

একই দিন নিজের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনে পথসভায় মির্জা ফখরুল গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিতে জনগণের প্রতি ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, গণভোটের মূল প্রশ্ন একটাই, কে সংস্কার চায়, আর কে চায় না। যে সংস্কার চায় সে ‘হ্যাঁ’ ভোট দেবে। যে সংস্কার চায় না সে ‘না’ ভোট দেবে।

জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাট এলাকায় ওই পথসভায় তিনি আরও বলেন, “বিএনপি সংস্কারের পক্ষে। দেশকে ঠিক করতে হলে সংস্কার দরকার, আর সেই সংস্কারের সিদ্ধান্ত নিতেই এই গণভোট। আমরা সবাই সংস্কার চাই। তাই সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাই। এক ব্যক্তির শাসন ব্যবস্থা না হোক, আগের মতো সরকার ফ্যাসিস্ট না হোক– এটাই আমরা চাই।

-সাইমুন