জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ইনকোর্স পরীক্ষার তারিখ ঘোষণা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রথম ও দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম ইনকোর্স পরীক্ষা আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৬ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা আগামী ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিলের মধ্যে সম্পন্ন করতে হবে।

এতে আরও বলা হয়, ইনকোর্স পরীক্ষার নম্বর এন্ট্রি করে (নম্বর এন্ট্রির তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে) অনলাইনে প্রেরণের পর প্রেরিত নম্বরপত্রের প্রিন্টআউট কপি, ইনকোর্স পরীক্ষার মূল্যায়িত উত্তরপত্র ও হাজিরা শিট গালা সিল করে সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রে অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর ক্যাম্পাসে হাতে হাতে বা ডাকযোগে পাঠাতে হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের পর ইনকোর্স পরীক্ষার নম্বর এন্ট্রি করা যাবে না এবং লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। যেসব নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীর ইনকোর্স নম্বর অনলাইনে এন্ট্রি করা থাকবে, শুধুমাত্র তাদের নামই ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সম্ভাব্য (Probable) তালিকায় অন্তর্ভুক্ত হবে।

সানা