আটবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন কিংবদন্তি ইউরোপ জয় করে বর্তমানে যুক্তরাষ্ট্রে ইন্টার মায়ামির জার্সিতে খেলছেন। তবে বিশ্বজুড়ে এত খ্যাতি থাকা সত্ত্বেও ইংরেজি ভাষা ব্যবহারে অনীহা বরাবরই চোখে পড়ে মেসির। যদিও ফুটবল মাঠের বাইরেও লিওনেল মেসির জনপ্রিয়তা আকাশছোঁয়া।
সম্প্রতি আর্জেন্টিনার স্ট্রিমিং চ্যানেল লুজু টিভ–কে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ৩৮ বছর বয়সী এই মহাতারকা। মেসি জানান, ইংরেজিতে কথা বলতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না।
বার্সেলোনায় খেলার সময় নেইমার ও লুইস সুয়ারেজের সঙ্গে একটি প্রমোশনাল ভিডিওতে চীনা নববর্ষের শুভেচ্ছা জানানোর প্রসঙ্গ টেনে মেসি বলেন, ক্লাবের সঙ্গে তার সমঝোতা ছিল—তিনি স্প্যানিশ ভাষাতেই কথা বলবেন। অন্য ভাষায় কথা বলা তার জন্য অস্বস্তিকর।
মেসির ভাষায়, ‘ইংরেজিতে কথা বলার সময় আমার অস্বস্তি লাগে। আমি এটা পছন্দ করি না। তাই স্প্যানিশেই স্বাচ্ছন্দ্যবোধ করি। তবে আমি ইংরেজি বলতে পারি এবং মানুষ তা বুঝতেও পারে।’
তিনি আরও জানান, এটি ইংরেজি শেখার অনাগ্রহ নয়। ব্যক্তিগত পরিসরে তিনি ইংরেজিতে কথা বলেন। তবে জনসমক্ষে নিজের স্বাচ্ছন্দ্যের জায়গা থেকেই স্প্যানিশ ভাষাকেই বেছে নেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।
– এমইউএম/










