সাফ উইমেন’স ফুটসালে জয়ের ধারা বজায় রাখা হলো না বাংলাদেশের। থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে শনিবার ভুটানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে কোচ সাঈদ খোদারাহমির শিষ্যরা। ভারতের বিপক্ষে ৩-১ গোলের জয় দিয়ে আসর শুরু করা বাংলাদেশের ঝুলিতে দুই ম্যাচ শেষে এখন ৪ পয়েন্ট।
ম্যাচের শুরুতেই পাকিস্তানের সাথে ড্র করে আসা ভুটান চমকে দেয় বাংলাদেশকে। পঞ্চম মিনিটে জামিয়াং চোডেনের নিখুঁত কোনাকুনি শটে পিছিয়ে পড়ে সাবিনারা। তবে সেই ধাক্কা সামলে উঠতে সময় নেয়নি বাংলাদেশ। দুই মিনিট পরেই সুমাইয়া মাতসুশিমার দূরপাল্লার জোরালো শট খুঁজে নেয় জালের ঠিকানা (১-১)।
দ্বিতীয় অর্ধে আক্রমণ ও পাল্টা আক্রমণে খেলা জমে উঠলেও ষষ্ঠ মিনিটে সোনম লাহমোর গোলে আবারও এগিয়ে যায় ভুটান। এর কিছুক্ষণ পরই বাংলাদেশের গোলকিপার পোস্ট ছেড়ে বেরিয়ে আসার সুযোগ নিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন সোনম। ৩-১ গোলে পিছিয়ে পড়ে ম্যাচ থেকে একরকম ছিটকেই যাচ্ছিল বাংলাদেশ।
তবে খাদের কিনারে দাঁড়িয়ে জ্বলে ওঠেন অভিজ্ঞ অধিনায়ক সাবিনা খাতুন। খেলা শেষ হওয়ার ৫ মিনিট আগে পায়ের কারিকুরিতে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ এক গোলে ব্যবধান কমিয়ে আনেন তিনি (৩-২)। উজ্জীবিত বাংলাদেশ সমতায় ফেরে একটু পরেই। মাঝমাঠ থেকে বল কেড়ে নিয়ে একক প্রচেষ্টায় লক্ষ্যভেদ করেন ডিফেন্ডার মাসুরা পারভীন (৩-৩)।
ম্যাচের শেষ দিকে জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। সাবিনা ও মাসুরা আরও দুটি সুযোগ পেলেও লক্ষ্যভ্রষ্ট শটের কারণে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় সাঈদ খোদারাহমির দলকে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে চলা এই টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে আগামী সোমবার নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।
-এম. এইচ. মামুন










