মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দেশের ক্রীড়াঙ্গনে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। এই ইস্যুকে সামনে রেখে পাল্টা অবস্থান নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না—এমন সিদ্ধান্তের কথা আইসিসিকে সরাসরি জানিয়েছে বিসিবি।
এ পরিস্থিতিতে আজ (বুধবার) বিকেল ৪টায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকে বসেন বিসিবির শীর্ষ কর্মকর্তারা। বৈঠকে সভাপতির দায়িত্বে ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। তার সঙ্গে উপস্থিত ছিলেন বোর্ড পরিচালক ফারুক আহমেদসহ আরও কয়েকজন পরিচালক।
বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, ভারতে নিরাপত্তা শঙ্কার বিষয়টি নিয়ে আইসিসির সঙ্গে আবারও যোগাযোগ করবে বোর্ড। তিনি বলেন, “ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ অনড়। আজ অথবা আগামীকাল আবারও আইসিসিকে চিঠি দেওয়া হবে।”
এদিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “আজ আইসিসি থেকে যে চিঠিটি আমরা পেয়েছি, তা পড়ে আমাদের মনে হয়েছে—ভারতে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য যে গুরুতর নিরাপত্তা সংকট তৈরি হয়েছে, সেটি তারা এখনও পুরোপুরি অনুধাবন করতে পারেনি।”
উল্লেখ্য, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের চারটি ম্যাচই ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কে অবনতি এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে ম্যাচগুলো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভারতের বাইরে ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়ে আইসিসির কাছে আবেদন করেছে বিসিবি। এখন আইসিসির পরবর্তী সিদ্ধান্তের দিকেই তাকিয়ে দেশের ক্রিকেট অঙ্গন।
– মীর মোমিন/










