পিএমআই সূচক: বছরের শেষে নির্মাণ খাত সংকুচিত, প্রবৃদ্ধির ভরসা কৃষি

২০২৫ সালের শেষ মাস ডিসেম্বরেও দেশের সামগ্রিক অর্থনীতিতে সম্প্রসারণের ধারা বজায় থাকলেও নির্মাণ খাতে আবার সংকোচন দেখা গেছে। তবে কৃষি, উৎপাদন ও সেবা—এই তিনটি খাতে সম্প্রসারণ অব্যাহত ছিল। সামগ্রিকভাবে নভেম্বরের তুলনায় ডিসেম্বরে দেশের প্রধান চারটি খাতের পারফরম্যান্সে সামান্য উন্নতি লক্ষ্য করা গেছে।

ডিসেম্বর মাসে দেশের পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) দাঁড়িয়েছে ৫৪ দশমিক ২, যা আগের মাস নভেম্বরের ৫৪ থেকে সামান্য বেশি। এর মাধ্যমে বোঝা যায়, অর্থনীতি সম্প্রসারণের পর্যায়ে থাকলেও প্রবৃদ্ধির গতি এখনও খুব বেশি শক্তিশালী নয়।

পিএমআই সূচক দেশের চারটি প্রধান খাত—কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবা—ভিত্তিকভাবে প্রকাশ করা হয়। সূচকের মান ৫০-এর ওপরে থাকলে সংশ্লিষ্ট খাতে প্রবৃদ্ধি এবং ৫০-এর নিচে থাকলে সংকোচন নির্দেশ করে।

ডিসেম্বরে কৃষি খাতে পিএমআই সূচক ছিল ৫৯ দশমিক ৬, উৎপাদন খাতে ৫৮ দশমিক ২ এবং সেবা খাতে ৫১ দশমিক ৮। অন্যদিকে নির্মাণ খাতের সূচক নেমে আসে ৪৯ দশমিক ৮-এ, যা খাতটির সংকোচনের ইঙ্গিত দেয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টানা তিন মাস প্রবৃদ্ধির পর নির্মাণ খাত আবারও সামান্য মন্দার পথে ফিরেছে। নতুন ব্যবসা সূচকে সংকোচনের মাত্রা সবচেয়ে বেশি ছিল। পাশাপাশি নির্মাণ কার্যক্রম ও কর্মসংস্থান সূচকে প্রবৃদ্ধির গতি কমেছে, যদিও উপকরণ ব্যয়ের ক্ষেত্রে কিছুটা ঊর্ধ্বগতি দেখা গেছে।

নির্মাণ খাতে আগের সময়ে পাওয়া কিন্তু এখনো শেষ না হওয়া কাজের পরিমাণ ক্রমেই কমছে। অর্থাৎ নতুন প্রকল্প পাওয়ার তুলনায় পুরোনো কাজ শেষ হওয়ার হার বেশি। তবে ইতিবাচক দিক হলো, আগের মাসগুলোর তুলনায় এই হ্রাসের গতি কিছুটা কমেছে, যা ইঙ্গিত দেয় যে সংকোচন থাকলেও পরিস্থিতির অবনতি আগের মতো তীব্র নয়।

ভবিষ্যৎ ব্যবসা সূচক বিশ্লেষণে দেখা গেছে, কৃষি, শিল্প, নির্মাণ ও সেবা—সব খাতেই প্রবৃদ্ধির প্রত্যাশা থাকলেও সেই গতির মাত্রা আগের তুলনায় কমেছে।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাসরুর রিয়াজ বলেন, সর্বশেষ পিএমআই তথ্য অনুযায়ী অর্থনীতিতে জোরালো প্রবৃদ্ধির চিত্র নেই। বর্তমানে যে সামান্য প্রবৃদ্ধি দেখা যাচ্ছে, তার প্রধান ভিত্তি কৃষি খাতের শক্ত অবস্থান।

তিনি আরও বলেন, শিল্প খাতে টানা দ্বিতীয় মাস মন্দাভাব লক্ষ্য করা গেছে এবং নির্মাণ খাত আবার সংকোচনে ফিরে গেছে। তবে ভবিষ্যৎ ব্যবসা সূচক এখনও সব প্রধান খাতে সম্প্রসারণের ইঙ্গিত দিচ্ছে, যা নির্বাচনের পর অর্থনীতির গতি ধরে রাখার বিষয়ে আশাবাদ জাগায়।

উল্লেখ্য, ব্যবসায়ী সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশ যৌথভাবে এই পিএমআই সূচক তৈরি করে। বুধবার ডিসেম্বর মাসের পিএমআই প্রকাশ করা হয়।

আফরিনা সুলতানা/