বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের প্রথম ম্যাচ জয়ের পর টানা তিন ম্যাচে হারের হতাশায় ছিল ঢাকা ক্যাপিটালস। অবশেষে সেই হারের বৃত্ত ভাঙলেন অলরাউন্ডার নাসির হোসেন। তার রেকর্ডগড়া ঝড়ো ফিফটিতে নোয়াখালী এক্সপ্রেসকে ৭ উইকেটে হারিয়েছে রাজধানীর দলটি। বিপরীতে এটি নোয়াখালীর টানা পঞ্চম পরাজয়।
প্রথমে ব্যাট করতে নেমে নোয়াখালী এক্সপ্রেস নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে তোলে ১৩৩ রান। জবাবে ঢাকা ক্যাপিটালস ৩৪ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
১৩৪ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই ধাক্কা খায় ঢাকা। দ্রুত দুই উইকেট হারালেও চাপ সামাল দেন নাসির হোসেন। পাওয়ার প্লেতেই ব্যাট হাতে ঝড় তোলেন এই ডানহাতি ব্যাটার। প্রথম ছয় ওভারে ঢাকার স্কোরবোর্ডে যোগ হয় ৬৪ রান, যার বড় অংশই আসে নাসিরের ব্যাট থেকে।
এর মধ্যেই মাত্র ২১ বলে অর্ধশতক পূর্ণ করেন নাসির, যা এবারের বিপিএলের দ্রুততম ফিফটি। এর আগে রেকর্ডটি ছিল রংপুর রাইডার্সের কাইল মেয়ার্সের, যিনি ২৩ বলে ফিফটি করেছিলেন।
শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন নাসির। ৫০ বলে ৯০ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। তাকে ভালোভাবে সঙ্গ দেন ইমাদ ওয়াসিম, যিনি ২৯ রানে অপরাজিত থাকেন।
এর আগে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নোয়াখালীর শুরুটা ছিল হতাশাজনক। মাত্র ৪০ রানের মধ্যেই পাঁচ উইকেট হারায় দলটি। তবে ষষ্ঠ উইকেটে অধিনায়ক হায়দার আলী ও মোহাম্মদ নবী চাপ সামাল দিয়ে ৯০ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ের মতো স্কোরে পৌঁছান।
হায়দার আলী করেন ৩৬ বলে ৪৭ রান, আর মোহাম্মদ নবী ৩৩ বলে ৪২ রানে অপরাজিত থাকেন। এছাড়া মাজ সাদাকাতের ব্যাট থেকে আসে ১৯ বলে ২৪ রান। তবে বাকি ব্যাটাররা কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
ঢাকা ক্যাপিটালসের বোলিংয়ে ছিল দারুণ সমন্বয়। ছয়জন বোলার একটি করে উইকেট শিকার করেন, যা দলীয় প্রচেষ্টার প্রতিফলন।
-এম ইউ এম










