টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার পাকিস্তানের সিদ্ধান্তকে ‘নাটক’ বলে আখ্যা দিয়েছেন ভারতের সাবেক অফস্পিনার হারভাজান সিং। তাঁর মতে, এই সিদ্ধান্তের কোনো যৌক্তিকতা নেই এবং এটি শুধুই দম্ভ প্রদর্শনের চেষ্টা।
রবিবার পাকিস্তান সরকার বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দিলেও গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না বলে জানায়। এ সিদ্ধান্ত ঘিরে ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা।
নিজের ইউটিউব চ্যানেলে হারভাজান বলেন, পাকিস্তান বাংলাদেশের পাশে থাকার ভান করছে। তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত থেকে পাকিস্তানের কী লাভ হবে? এটা পুরোপুরি নাটক। যদি সত্যিই তারা সাহসী হয়, তাহলে নিজেদের সিদ্ধান্তে অটল থাকুক। দেখা যাক, তাদের আসল সাহস কতটুকু।’
হারভাজানের অভিযোগ, এই সিদ্ধান্ত সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য নেওয়া হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, ‘নিজেদের দেশের সেই সমর্থকদের কথা কী তারা ভেবেছে, যারা ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে চায়?’
এই বিতর্কের সূত্রপাত গত মাসের শুরুতে, যখন রাজনৈতিক ও ধর্মীয় চাপের মুখে আইপিএল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এর পর নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ একাধিকবার আইসিসির সঙ্গে আলোচনা করলেও ম্যাচের ভেন্যু পরিবর্তনের দাবি মানা হয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে তাদের জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দেয় আইসিসি।
এই পুরো সময়টায় বাংলাদেশের পাশে ছিল পাকিস্তান। আইসিসির সভায় বাংলাদেশের পক্ষে একমাত্র ভোট দেয় পাকিস্তান এবং আইসিসির দ্বিচারিতার অভিযোগ তোলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
তবে হারভাজানের প্রশ্ন, বাংলাদেশের ইস্যুতে পাকিস্তান কেন নিজেদের জড়াচ্ছে। পাকিস্তানের দেশপ্রেম নিয়েও কটাক্ষ করেন তিনি। বলেন, ‘আগেও নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ হয়েছে। যুদ্ধ পরিস্থিতিতেও তারা এশিয়া কাপে খেলেছে, কারণ রাজস্ব ছাড়তে চায়নি। তখন দেশপ্রেম কোথায় ছিল?’
আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। ভারত ও পাকিস্তান একই গ্রুপে রয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের মধ্যকার ম্যাচটি হওয়ার কথা ১৫ ফেব্রুয়ারি।
-সাইমুন










