দীর্ঘ প্রায় দুই দশক পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের জকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৩৬৫ জন। বিশ্ববিদ্যালয়ের ৩৯টি ভোটকেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সংসদের ২১টি পদে ১৫৭ জন এবং হল সংসদের ১৩টি পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। হলের শিক্ষার্থীরা নিজ নিজ হল সংসদের পাশাপাশি কেন্দ্রীয় সংসদের জন্য আলাদাভাবে ভোট প্রদান করেন।
ভোটগ্রহণ চলাকালে বিভিন্ন প্যানেলের পক্ষ থেকে অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠলেও সার্বিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান দুপুরে এক ব্রিফিংয়ে বলেন, ক্যাম্পাস তুলনামূলকভাবে ছোট হওয়ায় এবং দীর্ঘ সময় পর নির্বাচন হওয়ায় কিছু ছোটখাটো সমস্যা দেখা দিয়েছে। তবে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, এবারের নির্বাচনে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়তে পারে বলে কমিশনের প্রাথমিক ধারণা। সব কেন্দ্রের তথ্য সংগ্রহের পর বিস্তারিত ফলাফল প্রকাশ করা হবে।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৫-০৬ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ বিরতির পর জকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ দেখা গেছে। শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন, নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ এবং ক্যাম্পাসের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।
মালিহা










