বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৬৭ হাজার শিক্ষক নিয়োগের লক্ষ্যে সপ্তম গণবিজ্ঞপ্তি আজ সোমবার প্রকাশ করা হবে। এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি আগামীকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত হবে বলে জানা গেছে।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য এনটিআরসিএ শিক্ষা মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠায়। পরবর্তীতে মন্ত্রণালয় সেটি অনুমোদন দেয়।
এনটিআরসিএ সূত্র জানায়, সপ্তম গণবিজ্ঞপ্তিতে আবেদনের বয়স গণনার ক্ষেত্রেও সময় নির্ধারণ করা হয়েছে। গত বছরের জুন মাস থেকে বয়স হিসাব করা হবে। উল্লেখ্য, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের বয়স গণনা করা হয়েছিল ২০২৫ সালের ৪ জুন থেকে। সপ্তম গণবিজ্ঞপ্তির ক্ষেত্রেও একই তারিখ থেকে বয়স গণনা করা হবে। এ বিষয়ে কোনো পরিবর্তন আনা হয়নি।
এদিকে প্রকাশিত হতে যাওয়া সপ্তম গণবিজ্ঞপ্তিতে আবেদনের নিয়মে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই পরিবর্তনের ফলে শিক্ষক নিয়োগে সুপারিশ প্রক্রিয়া আগের তুলনায় সহজ হবে।
এনটিআরসিএর একটি সূত্র জানায়, সপ্তম গণবিজ্ঞপ্তিতে একজন প্রার্থী শূন্যপদের তালিকা থেকে সর্বোচ্চ সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানে পছন্দ উল্লেখ করতে পারবেন। এর পাশাপাশি অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে আগ্রহী প্রার্থীদের জন্য রাখা হয়েছে ‘আদার অপশন’। এই অপশনে প্রার্থীরা নিজেদের ইচ্ছা অনুযায়ী সম্মতি বা অসম্মতি জানাতে পারবেন।
এর আগে একজন প্রার্থী সর্বোচ্চ ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে পছন্দ দেওয়ার সুযোগ পেতেন। তবে সপ্তম গণবিজ্ঞপ্তিতে সেই সংখ্যা কমিয়ে সর্বোচ্চ সাতটিতে নামিয়ে আনা হয়েছে।
– এমইউএম/










