এক এনআইডিতে একাধিক মোবাইল দেখানোর ব্যাখ্যা দিল বিটিআরসি

ছবি: সংগৃহীত

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম শুরু হওয়ার পর অনেক গ্রাহকই দেখছেন, তাঁদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সঙ্গে অস্বাভাবিকভাবে একাধিক মোবাইল হ্যান্ডসেট নিবন্ধিত। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে প্রশ্ন উঠলেও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, এতে কোনো প্রযুক্তিগত সমস্যা নেই।

বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী জানান, অভিযোগ পাওয়ার পর একাধিক কেস স্টাডির মাধ্যমে এনইআইআর সিস্টেম যাচাই করা হয়েছে। যাচাইয়ে কোনো ধরনের কারিগরি ত্রুটি পাওয়া যায়নি বলে তিনি দাবি করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, কিছু বাস্তব কারণে একজন গ্রাহকের এনআইডির বিপরীতে বেশি সংখ্যক হ্যান্ডসেট দেখাতে পারে।

তিনি বলেন, এনইআইআর ব্যবস্থায় মোবাইল হ্যান্ডসেটের আইএমইআই নম্বর এনআইডির সঙ্গে যুক্ত হয় মূলত সিম কার্ডের মাধ্যমে। ফলে কোনো গ্রাহক যদি তাঁর সিম একাধিক হ্যান্ডসেটে ব্যবহার করে থাকেন—তা অল্প সময়ের জন্য হলেও সেই সব হ্যান্ডসেটই তাঁর এনআইডির সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে।

এ ছাড়া ব্যবহৃত বা পুরোনো সিম কেনার ক্ষেত্রেও বিভ্রান্তি তৈরি হতে পারে। সিমটির আগের মালিক যে সব হ্যান্ডসেটে সেটি ব্যবহার করেছেন, সেগুলোর তথ্য নতুন গ্রাহকের এনআইডির সঙ্গেও যুক্ত হয়ে দেখাতে পারে বলে জানান বিটিআরসির চেয়ারম্যান।

বিটিআরসি বলছে, এসব কারণেই অনেকের এনআইডিতে হ্যান্ডসেটের সংখ্যা বেশি দেখা যাচ্ছে, যা সিস্টেমের ত্রুটি নয় বরং ব্যবহারের ধরন ও পূর্ববর্তী তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট।

সাবরিনা রিমি/