শীতকালীন ছুটি শেষে ১১ জানুয়ারি খুলছে বেরোবি

ছবি- সংগৃহীত।

শীতকালীন অবকাশ শেষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) আগামী রোববার (১১ জানুয়ারি) পুনরায় খুলছে। ওই দিন থেকেই বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পরীক্ষা কার্যক্রম শুরু হবে।

বুধবার (৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন আর রশিদ। তিনি জানান, গত ২৫ ডিসেম্বর ২০২৫ থেকে ১০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত মোট ১৭ দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ ছিল। এর মধ্যে ২৫ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত ১২ দিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমও বন্ধ রাখা হয়।

রেজিস্ট্রার আরও জানান, ৭ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের অফিস কার্যক্রম পুনরায় চালু হয়েছে এবং ১১ জানুয়ারি থেকে একাডেমিক কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।

এদিকে ছুটি শেষে শিক্ষার্থীরা ইতোমধ্যে মেস ও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ফিরতে শুরু করেছেন।

উল্লেখ্য, ছুটিকালীন সময়ে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে প্রবেশাধিকার সীমিত করে। প্রক্টর অফিসের জারি করা নোটিশ অনুযায়ী এ সময় বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ ছিল।

মালিহা নামলাহ