এনইআইআরের নামে ভুয়া ওয়েবসাইট

ছবি: সংগৃহীত

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রারের (এনইআইআর) নাম ব্যবহার করে একটি ভুয়া বা ফিশিং ওয়েবসাইটের সন্ধান পাওয়া গেছে। গণমাধ্যম বাংলাভিশনের অনুসন্ধানে উঠে আসে, ভুয়া ওয়েবসাইটটির ঠিকানা neribtrc.com, যা দেখতে অনেকটাই এনইআইআরের অফিসিয়াল ওয়েবসাইটের মতো। তবে প্রকৃত এনইআইআর সাইটের ইউআরএল হলো neir.btrc.gov.bd।

ভুয়া ওয়েবসাইটটিতে প্রবেশ করলে রেজিস্ট্রেশন, লগইন এবং “চেক স্ট্যাটাস নাউ” নামে একাধিক অপশন দেখা যায়। ‘চেক স্ট্যাটাস নাউ’ অপশনে যেকোনো ১৫ সংখ্যার নম্বর বসিয়ে ক্লিক করলে ব্যবহারকারীকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাওয়া হচ্ছে। ফলে সাধারণ ব্যবহারকারীদের কাছে সাইটটি বিশ্বাসযোগ্য বলে মনে হতে পারে।

তবে বিপত্তি ঘটছে রেজিস্টার বা লগইন অপশনে ক্লিক করার পর। এসব বাটনে চাপ দিলে ব্যবহারকারীকে বিভিন্ন জুয়া ও সন্দেহজনক ওয়েবসাইটে রিডাইরেক্ট করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদুল হক বারী বাংলাভিশনকে জানান, এনইআইআরের আদলে তৈরি একাধিক ফিশিং ওয়েবসাইটের বিষয়ে তারা অবগত এবং এসব সাইট বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এ ধরনের ভুয়া ওয়েবসাইট ব্যবহারকারীদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। ম্যালিশিয়াস লিঙ্কে ক্লিকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য চুরি, ডিভাইসে ক্ষতিকর সফটওয়্যার প্রবেশ বা আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই দ্রুত এসব সাইট শনাক্ত করে বন্ধ করার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করার ওপর জোর দিচ্ছেন তারা।

সাবরিনা রিমি/