বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন কাঁচা পাট রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ করার আহ্বান জানিয়েছে। এ দাবিতে গত বৃহস্পতিবার সংগঠনটি বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে একটি লিখিত আবেদন জমা দেয়। এ বিষয়ে আলোচনার অংশ হিসেবে গতকাল রোববার অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠকও করেছে।
অ্যাসোসিয়েশনটির মতে, বর্তমানে কাঁচা পাটের উচ্চমূল্য ও সরবরাহ সংকটের কারণে পাটকলগুলো প্রয়োজন অনুযায়ী কাঁচা পাট সংগ্রহ করতে পারছে না। এর ফলে স্বল্প সময়ের মধ্যেই অনেক মিল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা দেশের পাট শিল্পের জন্য গুরুতর সংকেত হিসেবে দেখা হচ্ছে। এই পরিস্থিতিতে দ্রুত কাঁচা পাট রপ্তানির অনুমোদন প্রত্যাহারের উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করছে সংগঠনটি।
সংগঠনটি আরও জানায়, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন কারণে আগের বছরের তুলনায় গত বছর কাঁচা পাটের উৎপাদন উল্লেখযোগ্যভাবে কম হয়েছে। যদিও গত সেপ্টেম্বরে শর্তসাপেক্ষে কাঁচা পাট রপ্তানি চালু রেখে সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছিল, ফলে সাময়িকভাবে সরবরাহ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছিল। তবে বর্তমানে আবারও কাঁচা পাটের দাম মণপ্রতি প্রায় ৪ হাজার ৭০০ টাকা থেকে ৫ হাজার টাকার মধ্যে ওঠানামা করছে, যা শিল্পের জন্য নতুন করে চাপ সৃষ্টি করছে।
-আফরিনা সুলতানা










