বাংলাদেশে এডিবির অর্থায়ন বেড়ে দুই গুণ

ছবি: সংগৃহীত

২০২৫ সালে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশ সরকারকে মোট ২৫৭ কোটি ডলার (২.৫৭ বিলিয়ন ডলার) ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যা ২০২৪ সালে দেওয়া ১১৮ কোটি ডলারের অঙ্গীকারের তুলনায় দ্বিগুণেরও বেশি। গত বছর এডিবির ঋণ কর্মসূচিতে জ্বালানি, পরিবহন, ব্যাংক খাত সংস্কার, নগর সেবা, জলবায়ু সহনশীলতা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) উন্নয়ন এবং কক্সবাজারে জীবিকাভিত্তিক সহায়তাকে অগ্রাধিকার দেওয়া হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবি জানায়, বাংলাদেশকে দেওয়া ঋণ বিভিন্ন খাতে সুষমভাবে বরাদ্দ করা হয়েছে, যেখানে অবকাঠামো উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কার বিশেষ গুরুত্ব পেয়েছে। এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জং বলেন, গুরুত্বপূর্ণ রূপান্তরের মধ্য দিয়ে যাওয়া বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে সহায়তার প্রতিশ্রুতি এডিবি গর্বের সঙ্গে পুনর্ব্যক্ত করছে।

তিনি আরও জানান, ২০২৫ সালের এই প্রতিশ্রুতিগুলো বাংলাদেশের সঙ্গে এডিবির দীর্ঘদিনের অংশীদারত্বকে আরও শক্তিশালী করেছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগসহ সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে অর্থনৈতিক বৈচিত্র্য, অবকাঠামো উন্নয়ন, সেবা সম্প্রসারণ এবং মানব উন্নয়ন এগিয়ে নেওয়াই এর মূল লক্ষ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালে অনুমোদিত ১০টি প্রকল্পে মোট ২৫৭ কোটি ডলারের অর্থায়নের অঙ্গীকার করা হয়েছে। এর মধ্যে প্রায় ৩৫ শতাংশ পরিবহন অবকাঠামোতে, ২৩ শতাংশ আর্থিক খাতে এবং ১৬ শতাংশ সরকারি খাত ব্যবস্থাপনা ও সুশাসনে বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি জ্বালানি খাতে ১১ শতাংশ, পানি ও নগর উন্নয়নে ৯ শতাংশ এবং মানব ও সামাজিক উন্নয়নে ৬ শতাংশ অর্থায়ন রাখা হয়েছে।

গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ৬৮ কোটি ৮০ লাখ ডলারের সাউথ এশিয়া সাবরিজিওনাল ইকোনমিক কোঅপারেশন (এসএসইসি) চট্টগ্রাম–দোহাজারী রেল প্রকল্প, যার মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ রেল করিডোর উন্নত হবে এবং ঢাকা থেকে কক্সবাজারে সরাসরি ট্রেন চলাচল সহজ হবে। এ ছাড়া ৫০ কোটি ডলারের ব্যাংক খাত স্থিতিশীলতা ও সংস্কার কর্মসূচি এবং ৪০ কোটি ডলারের জলবায়ু সহনশীল অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কর্মসূচিও উল্লেখযোগ্য।

এডিবি জানায়, ২০২৫ সালে প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি আগের তুলনায় উন্নত হয়েছে, যার পেছনে প্রকল্প গ্রহণের আগে ভালো প্রস্তুতি ও কার্যকর তদারকি ভূমিকা রেখেছে। সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতেও সংস্থাটি অর্থ সহায়তা দিয়েছে, যা টেক্সটাইল শিল্প, নবায়নযোগ্য জ্বালানি, বাণিজ্য অর্থায়ন, খাদ্য নিরাপত্তা, ক্ষুদ্রঋণ এবং সরকার–বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) প্রকল্পে বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক হয়েছে।

২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে সরকার ও বেসরকারি খাত মিলিয়ে এডিবির মোট ঋণ ও অর্থায়নের প্রতিশ্রুতির পরিমাণ ৪২ বিলিয়ন ডলারের বেশি। বর্তমানে দেশে এডিবির অর্থায়নে ৪৮টি সরকারি প্রকল্প চলমান রয়েছে, যেখানে মোট অর্থায়নের পরিমাণ প্রায় ১০.৮ বিলিয়ন ডলার।

আফরিনা সুলতানা/