বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর মো. মোস্তাকুর রহমান বৃহস্পতিবার তার প্রথম কার্যদিবসেই কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের জন্য একটি নতুন কর্মপন্থা ও সুনির্দিষ্ট অগ্রাধিকার তালিকা দিয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করেন নতুন গভর্নর।
গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই তিনি সকল ডেপুটি গভর্নর ও নির্বাহী পরিচালকদের নিয়ে এক জরুরি বৈঠকে বসেন। বৈঠকে কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময়ের পর তিনি রেগুলেটরি বডির মর্যাদা রক্ষায় গুরুত্ব দেন।
এরপর বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গভর্নর যে বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়েছেন, তা উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে ১১টি মূল বিষয়ের কথা বলা হয়েছে, তা হলো:
১. সামষ্টিক অর্থনীতিকে স্থিতিশীল রেখে প্রবৃদ্ধি বা গ্রোথ বাড়াতে হবে।
২. প্রবৃদ্ধি হতে হবে অন্তর্ভুক্তিমূলক, যাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়।
৩. বন্ধ হয়ে যাওয়া কল-কারখানা এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান পুনরায় চালু করে অর্থনীতিতে গতি সঞ্চার করতে হবে।
৪. বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে উচ্চসুদের হারের বিষয়টি পর্যালোচনা করা হবে।
৫. পণ্যমূল্য স্থিতিশীল রাখা তথা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে।
৬. প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করতে হবে।
৭. বিভিন্ন বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ হবে সম্পূর্ণ বস্তুনিষ্ঠ বা উদ্দেশ্যভিত্তিক।
৮. ব্যাংকিং খাতে নিয়মভিত্তিক ব্যবস্থাপনা কার্যকর হবে।
৯. কাজের গতি বৃদ্ধির জন্য ক্ষমতার বিকেন্দ্রীকরণ বা ‘ডেলিগেশন অব অথরিটি’ বাড়াতে হবে।
১০. সরকারের অন্যান্য সংস্থার সাথে যথাযথ সমন্বয় রেখে কাজ করতে হবে।
১১. সর্বোপরি বাংলাদেশ ব্যাংকের ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে
-সাইমুন










