মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন— ঢাবি সাদা দল। রোববার (৪ জানুয়ারি) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তারা কবর জিয়ারত, পুষ্পার্ঘ অর্পণ ও ফাতেহা পাঠ করেন।
এ সময় দোয়া পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক এবিএম সিদ্দিকুর রহমান নিজামী।
শ্রদ্ধা নিবেদন শেষে ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন অভিভাবককে হারিয়েছে। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মধ্যে কখনো হিংসা বা বিদ্বেষ ছিল না। একইভাবে তারেক রহমানও সৌহার্দ্যপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। তিনি সবার সঙ্গে আলোচনা করে দেশ পরিচালনার চিন্তা করছেন। আশা করি তিনি দেশনেত্রীর আদর্শ অনুসরণ করে সবাইকে ঐক্যবদ্ধ রেখে দেশ পরিচালনা করবেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাবি সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও মো. আবুল কালাম সরকার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হল প্রাধ্যক্ষ, সাদা দলের কেন্দ্রীয় ও অনুষদ পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে শতাধিক শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তির অংশগ্রহণে জিয়া উদ্যানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
মালিহা নামলাহ










