ঢাবি হলপাড়ায় উচ্চস্বরে গান বাজানো নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় (শহীদ ওসমান হাদি হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বিজয় একাত্তর হল ও কবি জসীম উদ্‌দীন হলের কেন্দ্রস্থল) রাতে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে ছাত্রদল নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল মাঠে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয় উদযাপন উপলক্ষে সন্ধ্যায় কবি জসীমউদ্দীন হল মাঠে ‘ডিজে নাইট’-এর আয়োজন করেন পাশ্ববর্তী কয়েকটি হলের ছাত্রদল নেতাকর্মীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, সন্ধ্যা ৬টা থেকে সাউন্ড বক্সে উচ্চস্বরে গান বাজানো শুরু হয়। আপত্তির মুখে কয়েক দফা গান বন্ধ করা হলেও রাত ১০টার দিকে আবারও সর্বোচ্চ ভলিউমে গান চালানো হয়। এতে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসীমউদ্দীন হল, বিজয় একাত্তর হল ও শহিদ ওসমান হাদি হলের শিক্ষার্থীরা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে থাকেন। পরবর্তীতে কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে গিয়ে গান বন্ধ করলে তাদের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের উত্তপ্ত বাকবিনিময় হয়। কিছু সময় পর পরিস্থিতি শান্ত হয়।

উচ্চ শব্দে গান বাজানোর কারণে পড়াশোনায় ব্যাঘাত ঘটেছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। ঢাবির শিক্ষার্থী সিফাত আহমেদ বলেন, “আগামীকাল আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা। কিন্তু সন্ধ্যা থেকে বিকট শব্দে গান বাজানোয় পড়তে পারিনি। এমনকি ঘুমাতেও সমস্যা হয়েছে।”

আয়োজকদের একজন, ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী সামিউল আলম দাবি করেন, তারা প্রক্টরের কাছ থেকে রাত ১০টা পর্যন্ত গান বাজানোর অনুমতি নিয়েছেন। তবে কবি জসীমউদ্দীন হল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের কোনো অনুমতির তথ্য তাদের কাছে নেই। হল প্রশাসনের এক কর্মকর্তা বলেন, “অনুমতি ছাড়া এখানে গান বাজানোর নিয়ম নেই। আশেপাশে একাধিক আবাসিক হল রয়েছে। উচ্চস্বরে গান বাজানোর জন্য সাধারণত আমরা অনুমতি দিই না।”

-বেলাল