অর্ণব চাকমা: ইউনাইটেড কাপে জাপানের হয়ে কোর্টে নামলেও পুরোপুরি ফিট ছিলেন না চারবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাওমি ওসাকা। শুক্রবার গ্রিসের মারিয়া সাকারির বিপক্ষে ৬-৪, ৬-২ সেটের সরাসরি হারের পর ওসাকা জানালেন, ছুটির দিনগুলোতে তিনি ‘খুবই অসুস্থ’ হয়ে পড়েছিলেন এবং ম্যাচে নিজের শতভাগ দিতে পারেননি।
ম্যাচের মাঝেই ওসাকাকে কয়েকবার কাশতে দেখা যায় এবং তাঁকে বেশ ক্লান্ত মনে হচ্ছিল। তিনি ধারণা করছেন, তাঁর দুই বছর বয়সী মেয়ে শাইয়ের থেকেই এই অসুস্থতা ছড়িয়েছে।
নিজের শারীরিক অবস্থা নিয়ে ওসাকা বলেন, “আমি কিছু শারীরিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি, তাই কোর্টে নামতে পেরেই আমি খুশি। এটা খুব গুরুতর কিছু নয়, তবে আমি যে পর্যায়ে খেলতে চাই তা পারছি না। এটা সত্যিই হতাশাজনক, কারণ আমার অফ-সিজনটা দারুণ কেটেছিল এবং ভেবেছিলাম এখানে ভালো কিছু করব।”
গত বছর ইউএস ওপেনের সেমিফাইনালে খেলা এই জাপানি তারকা জানান, তিনি এখন সুস্থতার পথেই আছেন। ওসাকা বলেন, “অসুস্থতা এখন শেষের দিকে, তবে এখনো পুরোপুরি ফিট নই। প্রতিদিন একটু একটু করে সেরে ওঠার চেষ্টা করছি। কাশি, সর্দিসহ বাজে এক অবস্থার মধ্য দিয়ে গিয়েছি। আশা করছি অস্ট্রেলিয়ান ওপেনের আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠব।”
উল্লেখ্য, বছরের প্রথম এই গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট মেলবোর্নে শুরু হবে আগামী ১৮ জানুয়ারি। এদিকে ওসাকার হারের দিনে জাপানের ভাগ্য খোলেনি পুরুষ এককেও। জাপানের শিনতারো মোচিজুকিকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে গ্রিসের জয় নিশ্চিত করেন স্টেফানোস সিসিপাস।










