বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক পদ থেকে পরিচালক (গবেষণা) হিসেবে পদোন্নতি পেয়েছেন ওয়াহেদুজ্জামান সরদার। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মানসম্পদ বিভাগ থেকে জারি করা এক আদেশে তাঁকে এ পদে উন্নীত করা হয় এবং একই বিভাগে তাঁর কর্মস্থল বহাল রাখা হয়।
২০০১ সালে ওয়াহেদুজ্জামান সরদার বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগে সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন। কর্মজীবনের প্রথম পাঁচ বছরে তিনি অভ্যন্তরীণ অর্থনীতি ও ইসলামী অর্থনীতি উপ-বিভাগে দায়িত্ব পালন করেন। এরপর প্রায় পনেরো বছর মুদ্রানীতি বিভাগে কাজ করে ওপেন মার্কেট অপারেশন এবং ফিন্যান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সর্বশেষ দুই বছর ধরে তিনি আবার গবেষণা বিভাগে কর্মরত আছেন।
অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ে তাঁর গবেষণা দেশি-বিদেশি বিভিন্ন স্বীকৃত জার্নালে প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিকভাবে পরিচিত ‘কেলি র্যাংকিং’-এ অন্তর্ভুক্ত জার্নালসহ মোট ১৫টি গবেষণা প্রবন্ধ তাঁর নামে প্রকাশিত হয়েছে। সঞ্চয়পত্র গ্রাহকদের আর্থসামাজিক অবস্থা, কৃষিঋণ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং ভোক্তা ঋণ নিয়ে একাধিক গবেষণায় তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ পাওয়ার পর ক্যাডার সার্ভিস ছেড়ে দেন। ওয়াহেদুজ্জামানের বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলায়। নিজ এলাকায় সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার জন্য তিনি স্থানীয়ভাবে সুপরিচিত।
আফরিনা সুলতানা/










