পাকিস্তানের কাছে বিশ্বকাপ বয়কটের সাহস নেই : আজিঙ্কা রাহানে

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তান দল ঘোষণা করেছে, তবে তাদের অংশগ্রহণ এখনো চূড়ান্ত নয়। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, আগামীকাল (শুক্রবার) বা সোমবার তারা বিশ্বকাপে খেলবে কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

এ প্রসঙ্গে ভারতের সাবেক ক্রিকেটার আজিঙ্কা রাহানে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-এ বলেন, পাকিস্তান বিশ্বকাপে না এসে থাকতে পারবে না। তিনি মনে করেন, পাকিস্তানের কাছে এমন সাহস নেই। রাহানের মতে, যদি তারা বিশ্বকাপ বয়কট করে, তাদের ক্রিকেটে বড় ধরনের ক্ষতি হবে।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগল, যিনি নিশ্চিত করেছেন, পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে। ভোগল বলেন, “এটি ক্লাব ক্রিকেট নয়, এটি বিশ্বকাপ। পাকিস্তান না এলে তাদের ক্রিকেটে বিশাল প্রভাব পড়বে। মানুষ অনেক সময় ভুল সিদ্ধান্ত নিলেও তারা বোকা নয়।”

বর্তমান বিশ্বকাপের সূচি অনুযায়ী পাকিস্তান তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলবে। ভারতের সঙ্গে চলমান রাজনৈতিক উত্তেজনার কারণে পাকিস্তান দল এই সিদ্ধান্ত নেওয়ার পথে ছিল। পাকিস্তান অবশ্য স্কোয়াড ঘোষণা ও বিমান টিকিট নিশ্চিত করেছে।

ভোগল আরও বলেন, “পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করার হুমকি দেয়, তবুও কেউ তাদের খেলতে বলবে না। আর্থিকভাবে সংকটে থাকা পিসিবিরও নিজের ক্ষতি হবে। পাকিস্তান জানে, বিশ্বকাপে না এলে তারা একা পড়ে যাবে। তাই তারা আসবেই, শুধু কোলাহল করছে।”

বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান দল শেষ পর্যন্ত অংশ নেবে এবং বিশ্বকাপ থেকে বয়কট করা প্রায় অসম্ভব।

-এমইউএম