“ভবঘুরে” গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

ছবি: জে স্কোরন, কে উলাস্কি/ওজিএলই

মহাবিশ্বে এমন অনেক গ্রহ আছে, যারা কোনো নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরে না। এ ধরনের গ্রহকে মহাকাশ বিজ্ঞানে “রোগ প্ল্যানেট” বা ভবঘুরে গ্রহ বলা হয়। সম্প্রতি জ্যোতির্বিজ্ঞানীরা এমনই এক নিঃসঙ্গ গ্রহের সন্ধান পেয়েছেন, যার ভর আমাদের সৌরজগতের বৃহস্পতির প্রায় ২২ শতাংশ, যা শনির ভরের সঙ্গে তুলনামূলকভাবে প্রায় সমান।

চীনের পিকিং ইউনিভার্সিটি ও ন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরিজের গবেষক দল, সুভো ডংয়ের নেতৃত্বে, এই গ্রহ আবিষ্কার করেছেন। দলটি মাইক্রোলেন্সিং নামক বিশেষ পদ্ধতি ব্যবহার করে গ্রহটি শনাক্ত করেছে। মাইক্রোলেন্সিং পদ্ধতিতে দূরবর্তী কোনো নক্ষত্রের সামনে দিয়ে অন্ধকার একটি গ্রহ গেলে তার মহাকর্ষ নক্ষত্রটির আলোকে বাঁকিয়ে উজ্জ্বল করে, যা পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা গ্রহের উপস্থিতি নিশ্চিত করেন।

গবেষকরা এই ঘটনা পৃথিবী এবং মহাকাশে থাকা গাইয়া স্পেস টেলিস্কোপের মাধ্যমে পর্যবেক্ষণ করেছেন। বিভিন্ন অবস্থান থেকে আলো পৌঁছানোর সময়ের সামান্য পার্থক্য বিশ্লেষণ করে তারা গ্রহটির সঠিক ভর ও দূরত্ব নির্ণয় করেছেন। হিসাব অনুযায়ী, এটি মিল্কিওয়ের কেন্দ্র থেকে প্রায় ৯ হাজার ৭০০ আলোকবর্ষ দূরে অবস্থিত।

জ্যোতির্বিজ্ঞানীরা মনে করছেন, এই কম ভরের মুক্ত গ্রহটি শুরুতে কোনো একটি সৌরজগতের অংশ হিসেবে জন্ম নিয়েছিল। পরে হয়তো প্রতিবেশী কোনো বৃহৎ গ্রহের মহাকর্ষীয় প্রভাব বা নক্ষত্রের অস্থিতিশীলতার কারণে এটি কক্ষপথ থেকে বের হয়ে মহাকাশে নিঃসঙ্গ হয়ে যায়। এই আবিষ্কার ভবঘুরে গ্রহের বিবর্তন ও উৎস বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রমাণ সরবরাহ করবে।

সূত্র: Space.com

সাবরিনা রিমি/