তাইওয়ানে পিএইচডি স্কলারশিপের সুযোগ: মাসিক ভাতা ১২৫০ ডলার, নেই আবেদন ফি

উচ্চ শিক্ষার জন্য এশিয়ার অন্যতম শীর্ষ গন্তব্য তাইওয়ানে পিএইচডি করার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য। দেশটির অত্যন্ত মর্যাদাপূর্ণ ‘তাইওয়ান ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট স্কলারশিপ’ (TIGP) ২০২৬-এর জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এই বৃত্তিটি সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে পরিচালিত হবে এবং এতে আবেদনের জন্য কোনো ফি লাগবে না।
গবেষণার ক্ষেত্রগুলো
একাডেমিক সিনিকা এবং তাইওয়ানের শীর্ষস্থানীয় জাতীয় গবেষণা বিশ্ববিদ্যালয়গুলোর যৌথ উদ্যোগে এই প্রোগ্রামটি পরিচালিত হয়। এবারের বৃত্তিতে মোট ১৪টি গবেষণা ক্ষেত্র বা সাবপ্রোগ্রাম রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), বায়োমেডিসিন, ন্যানো সায়েন্স, আর্থ সিস্টেম সায়েন্সসহ আরও বিভিন্ন আধুনিক গবেষণার বিষয়।
বৃত্তির সুযোগ-সুবিধা
নির্বাচিত শিক্ষার্থীরা অত্যন্ত আকর্ষণীয় কিছু সুযোগ-সুবিধা পাবেন:
১. মাসিক ভাতা: মাসিক প্রায় ১ হাজার ২৫০ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার বেশি) আর্থিক সহায়তা প্রদান করা হবে।
২. সময়সীমা: প্রথম বছরের ফলাফলের ভিত্তিতে ভাতার মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করা হবে।
৩. অন্যান্য: কোনো রেজিস্ট্রেশন ফি ছাড়াই তাইওয়ানের শীর্ষ গবেষণা বিশ্ববিদ্যালয়গুলোতে কাজ করার সুযোগ মিলবে।
আবেদনের যোগ্যতা ও শর্তাবলি
  • নাগরিকত্ব: চীন, তাইওয়ান ও হংকং ব্যতীত বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী (বাংলাদেশিসহ) আবেদন করতে পারবেন।
  • শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীর অবশ্যই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
  • ভাষা দক্ষতা: ইংরেজি মাধ্যমে পড়ালেখা না হয়ে থাকলে ইংরেজি দক্ষতার প্রমাণপত্র (যেমন IELTS/TOEFL) প্রদান করতে হবে।
  • সীমাবদ্ধতা: একজন আবেদনকারী কেবল একটি প্রোগ্রামের জন্যই আবেদন করতে পারবেন।
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনের জন্য শিক্ষার্থীদের নিচের নথিপত্রগুলো প্রস্তুত রাখতে হবে:
  • স্নাতক ও স্নাতকোত্তর সনদ ও ট্রান্সক্রিপ্ট (ইংরেজি অনুবাদসহ)।
  • পাসপোর্টের কপি ও সিভি।
  • স্টেটমেন্ট অব পারপাস (SOP) এবং থিসিসের সারসংক্ষেপ।
  • তিনটি সুপারিশপত্র (Recommendation Letter)।
আবেদন পদ্ধতি ও সময়সীমা
আগ্রহী প্রার্থীদের টিআইজিপি-এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করে অনলাইন ফরম পূরণ করতে হবে। প্রয়োজনীয় সব নথিপত্র আপলোড করে আবেদন সম্পন্ন করা যাবে।
আবেদনের শেষ তারিখ: ১ ফেব্রুয়ারি ২০২৬।
বিশেষ দ্রষ্টব্য: তাইওয়ানের এই স্কলারশিপটি মূলত গবেষণামুখী শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে, যা উচ্চশিক্ষার পাশাপাশি বিশ্বমানের ল্যাবরেটরিতে কাজ করার অভিজ্ঞতা দেবে।

 

-লামিয়া আক্তার