শীত এলেই বাজার ভরে ওঠে নানা রকম শাকসবজিতে। তার মধ্যে ফুলকপি অন্যতম প্রিয় একটি সবজি। ভিটামিন সি, ভিটামিন কে, ফাইবার ও ক্যালশিয়ামে সমৃদ্ধ হলেও অনেকের ক্ষেত্রে ফুলকপি বা অন্যান্য ক্রসিফেরাস সবজি— যেমন বাঁধাকপি ও ব্রকোলি— খেলে গ্যাস, পেট ফাঁপা বা হজমের সমস্যা দেখা দেয়। তবে রান্নার সময় কয়েকটি ছোট কৌশল মেনে চললে এই অস্বস্তি অনেকটাই কমানো সম্ভব।
ফুলকপি কাটার সঙ্গে সঙ্গেই রান্না না করে অন্তত আধঘণ্টা কেটে রেখে দেওয়া ভালো। এতে সবজির ভেতরে থাকা কিছু উপাদান বেরিয়ে যায়, যা গ্যাস ও অম্বলের সম্ভাবনা কমাতে সাহায্য করে। রান্নার আগে গরম পানিতে ফুলকপি, ব্রকোলি বা বাঁধাকপি হালকা ভাপিয়ে নিলে সবজি আরও সহজে হজম হয়। ভাপ দেওয়ার পর চাইলে তা ভাজা বা অন্যভাবে রান্না করা যেতে পারে।
ফুলকপি রান্নার সময় জিরা, ধনে, মৌরি, আদা ও হলুদের মতো মসলা ব্যবহার করলে হজমের সমস্যা কম হয়। এই মসলাগুলো বদহজম রোধে সাহায্য করে এবং প্রদাহও কমায়। তবে তেল ও অতিরিক্ত মসলা ব্যবহার না করাই ভালো। পাশাপাশি কম আঁচে ধীরে ধীরে রান্না করলে সবজি নরম হয় এবং হজম করাও সহজ হয়।
ফুলকপি বা বাঁধাকপি খাওয়ার পর যদি পেটে অস্বস্তি অনুভব করেন, তাহলে বেশি করে পানি পান করুন। সঙ্গে মৌরির চা, আদা সেদ্ধ পানি বা জিরা ভেজানো পানি খেলে বদহজম কমতে পারে।
আফরিনা সুলতানা/










