ইলিশ পোলাও মানে আলাদা আনন্দ

ইলিশ পোলাও বাঙালি রান্নার এক অনন্য ও ঐতিহ্যবাহী পদ। ইলিশ মাছের নিজস্ব গন্ধ ও স্বাদ যখন সুগন্ধি চালের সঙ্গে মিশে যায়, তখন তৈরি হয় এক রাজকীয় খাবার। বিশেষ করে বর্ষাকাল, পারিবারিক দাওয়াত বা উৎসবের দিনে ইলিশ পোলাও মানেই আলাদা আনন্দ।

উপকরণ:

বাসমতী বা গোবিন্দভোগ চাল – ২ কাপ

ইলিশ মাছ – ৪–৫ টুকরো

সরিষার তেল – ৩ টেবিল চামচ

পেঁয়াজ – ১ বড়, পাতলা কাটা

আদা বাটা – ১ টেবিল চামচ

টকদই – ২ টেবিল চামচ (অল্প পানি মিশিয়ে)

তেজপাতা – ২টি

দারচিনি – ১ টুকরো

এলাচ – ৩–৪টি

লবঙ্গ – ৪–৫টি

কাঁচামরিচ – ২–৩টি

হলুদ, লবণ ও সামান্য চিনি – স্বাদমতো

ঘি – ১ টেবিল চামচ

রান্নার প্রক্রিয়া:

চাল ধুয়ে ২০ মিনিট ভিজিয়ে রাখুন এবং পানি ঝরিয়ে আলাদা রাখুন।

ইলিশ মাছ পরিষ্কার করে মাঝারি টুকরো করুন। লবণ ও হলুদ মেখে হালকা করে সরিষার তেলে ভেজে তুলে রাখুন।

একই তেলে তেজপাতা, দারচিনি, এলাচ ও লবঙ্গ দিয়ে মশলার সুগন্ধ বের করুন।

পেঁয়াজ দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন।

আদা বাটা যোগ করে কষান, কাঁচা গন্ধ চলে গেলে টকদই এবং কাঁচামরিচ দিন।

সামান্য চিনি দিয়ে স্বাদ মেলান।

চাল মিশিয়ে আলতো করে নেড়ে মসলার সঙ্গে মিলিয়ে নিন।

চালের দ্বিগুণ গরম পানি বা হালকা মাছের স্টক দিয়ে লবণ ঠিক করুন।

মাঝারি আঁচে রান্না করুন। চাল প্রায় ৭০% সেদ্ধ হলে ভাজা ইলিশ মাছ উপরে সাজান।

হাঁড়ি ঢেকে খুব কম আঁচে দমে রাখুন।

পানি শুকিয়ে গেলে ঘি ছড়িয়ে ৫ মিনিট রাখুন।

গরম গরম পরিবেশন করুন, সঙ্গে টকদই বা শসার সালাদ দিলে স্বাদ আরও বাড়ে।

পরামর্শ:

ইলিশ মাছ অতিরিক্ত না ভেজাই ভালো, নরম থাকা স্বাদের জন্য।

ঘি এবং সরিষার তেল ইলিশ পোলাওকে আরও সুগন্ধি ও রিচ স্বাদ দেয়।

-বিথী রানী মণ্ডল